ফের আইনি জালে ব্রিজভূষণ শরণ সিং? মহিলা কুস্তিগীরদের আবেদনে বড় ধাক্কা পেলেন প্রাক্তন ডব্লিউএফআই প্রধান!

কুস্তিগীরদের আন্দোলন এবং আইনি লড়াইয়ের চাকা ফের ঘুরতে শুরু করল। মহিলা কুস্তিগীরদের করা যৌন হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার বিজেপি-র প্রাক্তন সাংসদ ও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-র প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-কে নোটিশ পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ সেশনস কোর্ট। চারজন মহিলা কুস্তিগীরের করা একটি বিশেষ আবেদনের প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ৯ অক্টোবর।

উল্লেখ্য, চলতি বছরের ৩ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী ভিনেশ ফোগাট সহ ছয় জন মহিলা কুস্তিগীরের দায়ের করা বহুলচর্চিত যৌন হয়রানির মামলায়—প্রমাণের অভাবে—ম্যাজিস্ট্রেট আদালত ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমারকে বেকসুর খালাস দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার সেশনস কোর্টের দারস্থ হয়েছেন চারজন মহিলা কুস্তিগীর। তাঁদের স্পষ্ট অভিযোগ, ম্যাজিস্ট্রেট আদালতের সেই বেকসুর খালাসের নির্দেশ আইনত একেবারেই টেকসই ছিল না। আবেদনকারীদের দাবি, নথিবদ্ধ সাক্ষ্যপ্রমাণের ত্রুটিপূর্ণ ও বাছাই করা ব্যাখ্যার ওপর এবং অনুমান ও ধারণার বশবর্তী হয়েই ওই রায় দেওয়া হয়েছিল। যেখানে আইনের সুপ্রতিষ্ঠিত নীতিসমূহকে উপেক্ষা করা হয়েছিল।

এদিকে, এই ফৌজদারি আপিলের শুনানি শনিবার শুরু হওয়ার কথা থাকলেও বিচারক বিচার বিভাগীয় প্রশিক্ষণের জন্য ছুটিতে থাকায় তা সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ থেকে ডব্লিউএফআই-এর প্রাক্তন সহকারি সচিব বিনোদ তোমরের অব্যাহতি পাওয়ার বিষয়টিও এই আবেদনে চ্যালেঞ্জ করা হয়েছে। সব মিলিয়ে, ব্রিজভূষণ শরণ সিংয়ের আইনি জটিলতা যে ফের বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।