বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজো! বিশ্ব পর্যটন দিবসে বিরাট ইনভেস্টরস মিটের ঘোষণা শঙ্কর ঘোষের

পরিবর্তনের বাংলায় আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটন শিল্পে আমূল পরিবর্তনের ঘোষণা করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতায় প্রথমবারের জন্য একটি মেগা ইনভেস্টরস মিট আয়োজন করার কথা জানিয়েছে পর্যটন দফতর। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও জোরালোভাবে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিন শঙ্কর ঘোষ বলেন, মহালয়া থেকে শুরু করে পুজোর দিনগুলিতে যা হতে চলেছে, তা সত্যিই কল্পনার অতীত। দুর্গাপুজোকে ঘিরে পর্যটন দফতরের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে মার্কেটিং, পাবলিসিটি এবং ডিজিটাল আউটরিচের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন উৎসবের কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেন রাজ্যের অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানের চাকা সচল রাখে, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।
দেশ-বিদেশের উদ্যোগপতিদের কাছে বাংলাকে পর্যটন শিল্পে বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরাই এই মেগা সম্মেলনের উদ্দেশ্য। হোটেল, হোমস্টে এবং পর্যটন পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। বিগত দিনে পর্যটন ক্ষেত্রে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে বর্তমান মন্ত্রী জানান, কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সঠিক সমন্বয় রেখে এবং কেন্দ্রের আর্থিক সহায়তায় বাংলার পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের পর্যটনে এক বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলেই আশাবাদী তিনি।