আত্মহত্যা রুখতে কেবল ফ্যান বদল? আইআইটি বম্বের নয়া সিদ্ধান্তে ফুঁসছেন পড়ুয়ারা

আইআইটি বম্বে (IIT Bombay) ক্যাম্পাসে এক মেধাবী ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার মাঝেই এক বিতর্কিত সিদ্ধান্ত সামনে এসেছে। হস্টেলসহ গোটা ক্যাম্পাসের প্রতিটি ঘর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত সিলিং ফ্যান। তার জায়গায় বসানো হচ্ছে দেওয়ালে আটকানো বিশেষ ফ্যান। ইতিমধ্যেই নতুন ফ্যানের প্রথম দফার চালান ক্যাম্পাসে পৌঁছে গিয়েছে এবং দ্রুত তা ইনস্টল করার কাজ শুরু হচ্ছে। আপাতদৃষ্টিতে আত্মহত্যার মতো পদক্ষেপ রুখতেই কর্তৃপক্ষের এই উদ্যোগ বলে মনে করা হলেও, এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের মৃত্যুর পর থেকেই ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তুঙ্গে ওঠে। মহারাষ্ট্রের ইয়বতমালের বাসিন্দা ২২ বছর বয়সি সাহিলের বিরুদ্ধে সেমিস্টার পরীক্ষায় চ্যাটজিপিটি (ChatGPT) ও মোবাইল ব্যবহার করার অভিযোগ উঠেছিল। যদিও কর্তৃপক্ষ দাবি করেছে যে তাঁর বিরুদ্ধে কোনো কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি, তবুও এর পরেই সাহিলের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি ঘটে। সাহিলের পরিবার সরাসরি প্রাতিষ্ঠানিক হয়রানি ও জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে মুম্বই পুলিশ ইতিমধ্যেই এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

সাহিলের মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা স্বাধীন তদন্তের পাশাপাশি ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য সহায়তার দাবি তুলে আন্দোলন চালাচ্ছেন। কিন্তু এই মূল সমস্যাগুলোর সমাধান না করে হঠাৎ ফ্যান বদলে ফেলার পদক্ষেপকে তীব্র কটাক্ষ করছেন অনেকে। বিভিন্ন মহলের মতে, শিক্ষার্থীদের মানসিক চাপ ও অবসাদ দূর করার বাস্তবসম্মত পদক্ষেপ না নিয়ে কেবল ঘরের ফ্যান বদলে দেওয়াটা দায় এড়ানোর সামিল। আইআইটি বম্বের এই পদক্ষেপ আদতে কোনো পরিবর্তন আনবে নাকি বিতর্ক আরও বাড়াবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।