ভারত থেকে বিশ্বজয়! CMF-কে পুরোপুরি দেশীয় কোম্পানি বানাতে বড় ঘোষণা ‘নাথিং’ প্রধান কার্ল পেইয়ের

বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য আরও বাড়াতে এবার এক দূরদর্শী পদক্ষেপ নিলেন জনপ্রিয় টেক ব্র্যান্ড ‘নাথিং’-এর (Nothing) সিইও কার্ল পেই। ভারতকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড গড়ে তোলার বিশাল পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর নতুন পরিকল্পনা অনুযায়ী, নাথিং-এর সহযোগী ব্র্যান্ড CMF-কে একটি স্বতন্ত্র এবং সংখ্যাগরিষ্ঠ ভারতীয় মালিকানাধীন কোম্পানিতে রূপান্তর করা হবে।
কী পরিকল্পনা কার্ল পেইয়ের?
এক্স হ্যান্ডলে ‘India Is Inevitable’ শিরোনামে একটি বিশেষ পোস্টে কার্ল পেই পরিষ্কার করে জানিয়েছেন যে, আগামী দিনে CMF-এর মূল সদর দফতর, ম্যানেজমেন্ট টিম এবং গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগ পুরোপুরি ভারতেই থাকবে। যদিও নাথিং এই সংস্থায় অংশীদারিত্ব বজায় রাখবে এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাবে, তবে ব্র্যান্ডটির নিয়ন্ত্রণ থাকবে ভারতীয়দের হাতেই।
বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের পর থেকে অনেক ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে না পেরে পিছিয়ে পড়েছিল। মূলত অন্যের তৈরি ডিজাইনের উপর অতিরিক্ত নির্ভরশীলতাই তাদের পতনের কারণ ছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই কার্ল পেই এবার ভারতেই হার্ডওয়্যার ডিজাইন, ক্যামেরা প্রসেসিং এবং অপারেটিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির ইঞ্জিনিয়ারিং ক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন। তাঁর সাফ কথা, যে ফোনের ইঞ্জিনিয়ারিং যত উন্নত, শেষ পর্যন্ত সেই সংস্থাই বাজারে টিকবে।
বছরে ১০ কোটি ফোন বিক্রির লক্ষ্য
ভারতের উৎপাদন শিল্পের বর্তমান বিকাশকে সামনে রেখেই CMF-এর জন্য এক অবিশ্বাস্য লক্ষ্যমাত্রা স্থির করেছেন কার্ল পেই। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে এই ব্র্যান্ড থেকে প্রতি বছর অন্তত ১০ কোটি বা ১০০ মিলিয়ন স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই বিশাল উৎপাদন ক্ষমতার মাধ্যমে কম্পোনেন্ট তৈরির খরচ কমানো এবং বাজারে একচ্ছত্র প্রভাব বিস্তার করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
ভারতে অপ্টিমাস ইনফ্রাকম (Optiemus Infracom)-এর সঙ্গে বিশাল অঙ্কের বিনিয়োগে ইতিমধ্যেই উৎপাদন অংশীদারিত্ব শুরু করেছে নাথিং। এখন দেখার, কার্ল পেইয়ের এই ভারতীয়করণ এবং মেক ইন ইন্ডিয়ার ভিশন দেশের স্মার্টফোন বাজারে কতটা বড় বিপ্লব আনতে পারে।