৪৬ বছর বয়সেও রূপের জাদুতে ঘায়েল নেটদুনিয়া! পুজোর আগে গ্লোয়িং স্কিন পেতে করিনার কোন টোটকা মানবেন?

বলিউডের চিরসবুজ সুন্দরী তথা গ্ল্যামার ডিভা করিনা কাপুর খান ৪৬তম বছরে পা রাখলেন। এই বয়সেও তাঁর ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ও সাবলীল লাবণ্য অনুরাগীদের সবসময়ই মুগ্ধ করে। রুপালি পর্দার জাঁকজমক হোক কিংবা মেকআপহীন সাধারণ লুক— করিনা সব সময়ই নিজের স্বাভাবিক সৌন্দর্যকে তুলে ধরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আসন্ন দুর্গাপুজোর আগে আপনিও যদি ত্বকে আনতে চান ঠিক এমনটাই প্রাকৃতিক ও স্নিগ্ধ জেল্লা, তবে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন অভিনেত্রীর সহজ কিছু বিউটি টিপসের ওপর।

রূপচর্চার ক্ষেত্রে জটিল কোনও ২০-ধাপের রুটিনে বিশ্বাস করেন না করিনা। তাঁর মতে, ত্বকের যত্নে খুব বেশি প্রসাধনী বা কেমিক্যালের ছড়াছড়ি মোটেও প্রয়োজন নেই। তাঁর দৈনন্দিন স্কিন কেয়ার রুটিনে মূলত একটি ভালো নাইট ক্রিম এবং সপ্তাহে মাত্র একদিন হাইড্রেটিং মাস্ক ব্যবহারের মতো সাধারণ বিষয়গুলিই স্থান পায়। এছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ভেতর থেকে সতেজ থাকতে পর্যাপ্ত পরিমাণ জল পানের ওপর তিনি সবচেয়ে বেশি জোর দেন। দামি প্রসাধনীর পেছনে অযথা অর্থ খরচ না করে প্রতিদিন নিয়ম করে জল খাওয়ার অভ্যাসকে নিজের পরম বন্ধু করে নিতে পরামর্শ দেন এই অভিনেত্রী।

মেকআপ করার আগে ত্বককে ভালোভাবে প্রস্তুত করা এবং হাইড্রেটেড রাখা তাঁর রুটিনের অন্যতম অঙ্গ। প্রায়শই তাঁকে বিভিন্ন ফেস মাস্ক ও আই প্যাচ ব্যবহার করতে দেখা যায়। শুধু তাই নয়, কৃত্রিম উপাদানের পরিবর্তে ঘরোয়া এবং ঐতিহ্যবাহী পদ্ধতির ওপর ভরসা রাখেন করিনা। রূপচর্চায় বেসন প্যাক, কফি স্ক্রাবের মতো ঘরোয়া টোটকার পাশাপাশি চুলের যত্নে নিয়মিত চুলে তেল মালিশ এবং শুটিং না থাকলে প্রাকৃতিকভাবে চুল শুকাতে দেওয়ার মতো সাধারণ অভ্যাসগুলিই তাঁর চিরসবুজ সৌন্দর্যের আসল চাবিকাঠি। স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমেই যে প্রকৃত সৌন্দর্য বজায় রাখা সম্ভব, তা প্রমাণ করে চলেছেন এই বলিউড ডিভা।

Aditi Banik
  • Aditi Banik