রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বিরাট আপডেট! আদালতের দিকেই এখন সব নজর

গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডিএ কবে মিলবে? সময়সীমা নিয়ে বড় ইঙ্গিত কর্মী নেতার

রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের মাঝেই এবার গ্রান্ট-ইন-এইড (Grant-in-Aid) কর্মীদের বকেয়া মেটানোর সময়সীমা ও প্রক্রিয়া নিয়ে এল নতুন আপডেট। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের একটি ভিডিওবার্তাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল শুরু হয়েছে কর্মী মহলে।

সুপ্রিম কোর্টের গঠিত মনিটরিং কমিটির নির্দেশ মেনে রাজ্য সরকার ধাপে ধাপে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ ও ডিআর মেটালেও, গ্রান্ট-ইন-এইড কর্মচারীরা এখনও এই সুবিধার বাইরে রয়েছেন বলে অভিযোগ। তাঁদের দাবি, অন্যান্যদের মতো সমান কাজ করেও ডিএ প্রাপ্তির ক্ষেত্রে তাঁরা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন।

আইনি লড়াই ও কমিটির রিপোর্টের ভূমিকা: এই বিষয়ে দীর্ঘদিন ধরে সুরাহা না মেলায় শিক্ষক সংগঠন থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা এবং হেডমাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধাপে ধাপে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। অল ইন্ডিয়া কনসিউমার প্রাইজ ইনডেক্স অনুযায়ী সঠিক হারে ডিএ না পাওয়ার অভিযোগেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মলয়বাবু।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সুপ্রিম কোর্টের নির্দেশমতো গঠিত ‘ইন্দু মালহোত্রা কমিটি’-র চূড়ান্ত রিপোর্টের উপরেই এখন সব পক্ষের নজর রয়েছে। মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই জানিয়েছিলেন যে ইন্দু মালহোত্রা কমিটি সুপারিশ করলে গ্রান্ট-ইন-এইড কর্মীদেরও ডিএ প্রদান করা হবে। বর্তমানে হাইকোর্ট এই বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করায়, ওই বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ ও সময়ের দিকেই তাকিয়ে রয়েছে লক্ষাধিক কর্মী।