আইকনিক বুলেটে ইতি? কলকাতা পুলিশের হাতে এবার ২০০ কিমি রেঞ্জের সুপার ইভি হাইটেক বাইক!

শহর কলকাতার নিরাপত্তা ও টহলদারিতে কি এবার ঐতিহ্যের বুলেটের দিন শেষ হতে চলল? পাকাপাকিভাবে বুলেটের বদলি না হলেও, কলকাতা পুলিশের বহরে যুক্ত হলো এক ঝাঁক পরিবেশবান্ধব অতি-আধুনিক ইলেকট্রনিক বাইক। অপরাধ দমন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো (Quick Response) এবং শহরের অলিগলিতে প্যাট্রোলিং সহজ করতে পুলিশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে Ultraviolette-এর নতুন ‘X-47 Skyforce’ ইলেকট্রিক বাইক।
প্রাথমিকভাবে মোট ১৮৩টি বিশেষ প্রযুক্তিসম্পন্ন ইভি বাইক তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের হাতে।
পুলিশি নজরদারিতে বিশেষ প্রযুক্তিগত পরিকাঠামো
সাধারণ ইভি বাইকের সঙ্গে কলকাতা পুলিশের এই নতুন বাইকের বেশ কিছু ফারাক রয়েছে। আইনশৃঙ্খলা ও জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এটি বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। বাইকটিতে রয়েছে:
বিশেষ সাইরেন ও হুটার: জরুরি পরিস্থিতিতে রাস্তা ফাঁকা করার জন্য।
পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও মাইক হোল্ডার: অন-ডিউটি পুলিশকর্মীদের বার্তা প্রচারের সুবিধার জন্য।
এলইডবি ব্লিঙ্কার্স (LED Blinkers): রাতের বেলা দূর থেকে পুলিশের উপস্থিতি বোঝাতে।
ওয়াকি-টকি হোল্ডার: মুহূর্তের মধ্যে যোগাযোগ বজায় রাখার জন্য।
এক চার্জেই ২০০ কিলোমিটারের বেশি যাত্রা!
প্রযুক্তি ও ক্ষমতার দিক থেকে এই বাইকটি অত্যন্ত শক্তপোক্ত।
রেঞ্জ ও গতি: সিঙ্গল চার্জে এটি IDC রেঞ্জ অনুযায়ী ২১১ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
নিরাপত্তা ও গঠন: ১৭০ মিমি হুইলবেস এবং দুটি চাকাতেই ডিস্ক ব্রেক থাকায় দ্রুত গতিতেও বাইকটি সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব।
কমে যাবে পেট্রোলের খরচ
দিন দিন পেট্রোলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রশাসনিক বাইকের জ্বালানি খরচ সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি করে। কলকাতা পুলিশ ও প্রস্তুতকারী সংস্থার মতে, এই নতুন ইভি ব্যবহারের ফলে জ্বালানি বাবদ খরচ অনেকটাই কমবে। পাশাপাশি এগুলির মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম এবং বিদ্যুতের খরচও সামান্য।
কীভাবে এলো এই ১৮৩টি বাইক?
জানা গিয়েছে, মোট ১৮৩টি বাইকের মধ্যে ৬০টি বাইকের আর্থিক যোগান দিয়েছে ‘পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড’ (WBPDCL)। নিজেদের সিএসআর (CSR) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই বাইকগুলি কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে।
শহরের বায়ুদূষণ কমাতে এবং চটজলদি পুলিশি পরিষেবা পৌঁছে দিতে কলকাতা পুলিশের এই হাইটেক ইভি বাইকের সংযোজনকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।