রেলের নিরাপত্তায় এবার জিরো টলারেন্স নীতি! বড় নির্দেশ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের

পরিকাঠামো ও সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ট্রেন চলাচলে নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখার স্পষ্ট নির্দেশ দিল ভারতীয় রেল। সম্প্রতি ফেয়ারলি প্লেসে অবস্থিত পূর্ব রেলওয়ের সদর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কড়া বার্তার পাশাপাশি বিভিন্ন পরিকাঠামো উন্নয়নমূলক কাজের ব্যাপক পর্যালোচনা করা হয়। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সমস্ত বিভাগীয় প্রধান এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার ডিভিশনের ডিআরএম ও ওয়ার্কশপের প্রধানরা যোগ দেন।

বৈঠকে পূর্ব রেলওয়ের আওতাধীন বিভিন্ন ডিভিশনে গত সপ্তাহে সম্পন্ন হওয়া একাধিক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা মূলক কাজের ভূয়সী প্রশংসা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলির বিবরণ নিম্নরূপ:

  • শিয়ালদহ ও আসানসোল ডিভিশন: শিয়ালদহের নৈহাটিতে অ্যাপ্রোচ স্লিপার ট্যাম্পিং সহ ৮টি পয়েন্ট ও ক্রসিংয়ে ইউনিম্যাট ট্যাম্পিং, ডাবল স্লিপ পয়েন্ট নবীকরণ এবং নিউ আলিপুর ইয়ার্ডে প্রধান ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি আসানসোলে সিগন্যালিং সরঞ্জামের সুরক্ষায় বিভিন্ন রিলে রুম ও ইলেকট্রনিক ইন্টারলকিং হাটে টাইমার যুক্ত ওয়াল ফ্যান বসানো হয়েছে এবং অণ্ডাল ও সীতারামপুরে ডায়মন্ড ক্রসিং নবীকরণ করা হয়েছে। এছাড়া শিয়ালদহের বারাসাত ট্র্যাকশন সাব-স্টেশনে ৬৬০০ KVAR ক্যাপাসিটর ব্যাংক চালু করায় সিস্টেম লস কমেছে এবং ভোল্টেজ প্রোফাইলের ব্যাপক উন্নতি হয়েছে।

  • হাওড়া ও মালদা ডিভিশন: ওভারহেড তারের বিকল সমস্যা দ্রুত মেটাতে হাওড়া ডিভিশনে জিপিএস (GPS) সুবিধাযুক্ত বিশেষ টাওয়ার ওয়াগন তৈরি করা হয়েছে। অন্যদিকে, মালদা ডিভিশনে ৬টি সুইচ এক্সপ্যানশন জয়েন্ট নবীকরণ, বারহারওয়া জংশনে ফোর্সড লেআউট সংশোধন এবং সিগন্যাল ও টেলিকম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা মূলক কাজ সম্পন্ন করা হয়েছে।

যাত্রী স্বাচ্ছন্দ্য এবং মূলধনী ব্যয়ের (CAPEX) সঠিক ব্যবহার নিশ্চিত করতে সমস্ত প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন জেনারেল ম্যানেজার। তবে সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্নে সামান্যতম ত্রুটিও যে বরদাস্ত করা হবে না, তা এদিনের বৈঠকে ফের একবার স্পষ্ট করে দিল রেল কর্তৃপক্ষ।