দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন শেষ! পরিবারের অন্য সদস্যের জন্যও রেলের অ্যাপে কাটা যাবে মান্থলি টিকিট, বড় ঘোষণা রেলের

নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি দিল ভারতীয় রেল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝঞ্ঝাট কমাতে এবং বয়স্কদের সুবিধা দিতে ‘RailOne’ অ্যাপের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হলো। এখন থেকে ঘরে বসেই নিজের ফোন থেকে পরিবারের অন্য সদস্যদের জন্যও সিজন টিকিট বা মান্থলি কেটে দেওয়া যাবে।
রেল সূত্রে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর থেকে এই নতুন পরিষেবা চালু হয়েছে। সাধারণত বয়স্ক বা প্রবীণ যাত্রীদের অনেকেই স্মার্টফোনে বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন। সেই কথা মাথায় রেখেই রেলের এই নতুন পদক্ষেপে দারুণ স্বস্তি মিলেছে নিত্যযাত্রীদের পরিবারে।
নতুন নিয়মে কী সুবিধা মিলছে?
একাধিক টিকিট বুকিং: রেজিস্টার্ড ব্যক্তি নিজের পাশাপাশি এবার থেকে আরও অন্তত ৫ জন পরিবারের সদস্যের জন্য টিকিট কাটতে পারবেন।
কার্যকরী সময়: নিজের জন্য টিকিট কাটলে তা সেই দিন থেকেই কার্যকর হলেও, অন্য কারও জন্য কাটলে তা পরের দিন থেকে কার্যকর হবে।
বয়সের শর্ত: এই পরিষেবা ব্যবহারের জন্য মূল অ্যাকাউন্টধারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যাঁর জন্য টিকিট কাটা হবে তাঁর বয়স ন্যূনতম ৫ বছর হওয়া বাধ্যতামূলক।
সীমা: এই মান্থলি টিকিট সাধারণত সেকেন্ড ক্লাসের নিত্যযাত্রীদের জন্য প্রযোজ্য এবং সংরক্ষিত বা রিজার্ভড কোচে এই টিকিট বৈধ নয়।
ডিজিটাল এই ব্যবস্থার ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ছবি অনেকটাই বদলাবে বলে মনে করা হচ্ছে। সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুগম করতেই রেলের এই যুগান্তকারী পদক্ষেপ।