বাঙালির আবেগের চিলি চিকেনের আসল জন্ম কোথায় জানেন? রইল রেস্তোরাঁ স্টাইলে বানানোর সহজ সিক্রেট রেসিপি

রাস্তার ধারের ছোট্ট দোকান হোক কিংবা হেভিওয়েট রেস্তোরাঁ—চৌমিন, ফ্রায়েড রাইস বা পরোটার সঙ্গে চিলি চিকেনের জুড়ি মেলা ভার। বাঙালি মাত্রই এই পদের প্রতি আলাদা এক দুর্বলতা রয়েছে। তবে চিলি চিকেন নামটি শুনতে চাইনিজ মনে হলেও, এটি মূলত একটি ইন্দো-চীনা (Indo-Chinese) পদ, যার উৎপত্তি হয়েছিল খাস কলকাতার চীনা পাড়ায়। বিংশ শতকের প্রথমার্ধে কলকাতায় আসা চীনা হাক্কা সম্প্রদায়ের হাত ধরেই ভারতীয় মশলা ও লঙ্কার জাদুতে তৈরি হয়েছিল এই মুখরোচক পদটি। রেস্তোরাঁর স্বাদের ঝালঝাল চিলি চিকেন এবার খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ঘরেই।

প্রয়োজনীয় উপকরণ

  • মুরগির মাংস: ৫০০ গ্রাম (হাড় ছাড়া, ছোট টুকরো করা)

  • সয়া সস: ২ টেবিল চামচ

  • টমেটো সস: আধ কাপ

  • চিলি সস: ১ টেবিল চামচ

  • গোলমরিচ গুঁড়ো: ১ চা-চামচ

  • আদা-রসুনের রস: ১ টেবিল চামচ

  • ডিম: ১টি

  • ময়দা: ২ টেবিল চামচ

  • মধু: ৩ টেবিল চামচ

  • মাখন: ১০০ গ্রাম

  • কাঁচা লঙ্কা: ৪-৫টি (ফালি করা)

  • ক্যাপসিকাম: আধ কাপ করে (লাল, সবুজ ও হলুদ)

  • পেঁয়াজ: ১ কাপ (খোসা ছাড়িয়ে কুচানো)

  • নুন: স্বাদমতো

  • তেল: ভাজার জন্য

রান্নার সহজ পদ্ধতি

১. প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে তাতে সয়া সস, নুন, আদা-রসুনের রস, টমেটো সস, ডিম ও ময়দা মিশিয়ে অন্তত ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে ডুবো তেল গরম করে মাংসের টুকরোগুলো বাদামি করে ভেজে তুলে রাখুন। ২. এবার অন্য একটি প্যানে মাখন গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফালি ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করুন। ৩. এরপর তাতে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরো, টমেটো সস, চিলি সস ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে ভাজা-ভাজা করে নিন। ৪. সবশেষে মধু ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি রেস্তোরাঁ স্টাইল সুস্বাদু চিলি চিকেন।