‘এখানে কোনও চিরস্থায়ী বন্দোবস্ত নেই!’ রেজিনগর কণ্ডে শরিক আরএসপিকে সেলিমের তীব্র তোপ, ফাঁটল বামফ্রন্টে?

উপনির্বাচনের বাজনা বাজতেই ফের রাজ্য রাজনীতিতে প্রকাশ্যে এসে পড়ল বামফ্রন্টের অভ্যন্তরীণ ফাটল। বহরমপুর ও নন্দীগ্রামের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা কেন্দ্র করে ফ্রন্টের অন্যতম বড় শরিক আরএসপি (RSP) ও সিপিআইএমের (CPIM) কোন্দল এখন চরমে। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এই শরিকি দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে একপর্যায়ে চরম বিরক্ত প্রকাশ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শরিকি দাবি উড়িয়ে কড়া ভাষায় জানিয়ে দেন, “এখানে কোনও চিরস্থায়ী বন্দোবস্ত নেই! এটা যত তাড়াতাড়ি সবাই বোঝে ততই ভাল।”
রেজিনগর কেন্দ্রকে ঘিরে গৃহযুদ্ধ
গত শনিবার নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য বামফ্রন্ট আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। নন্দীগ্রামে সিপিআই-এর শান্তিগোপাল গিরির পাশাপাশি রেজিনগর কেন্দ্রটিতে আইনজীবী সঈদ আসাদ আলিকে সিপিআইএমের প্রতীকে প্রার্থী হিসেবে তুলে ধরে আলিমুদ্দিন।
তবে এই ‘একতরফা’ সিদ্ধান্ত মোটেই সহজভাবে নেয়নি আরএসপি। আরএসপির মুর্শিদাবাদ জেলা সম্পাদক নওফেল মহাঃ সফিউল্লা সাফ জানিয়ে দেন, সিপিআইএম ঘোষিত প্রার্থী সর্বসম্মত বামফ্রন্ট প্রার্থী নন। ওই আসনে নিজেদের দাবি জানিয়ে পাল্টা প্রার্থী ঘোষণা করে দেয় আরএসপি। ফলে উপনির্বাচনের আগেই সিপিআইএম বনাম আরএসপি সংঘাত তুঙ্গে ওঠে।
সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ মহম্মদ সেলিম
সোমবার শিলিগুড়ির বৈঠকে আরএসপি-র পৃথক প্রার্থী দেওয়া এবং ফ্রন্টের ফাটল সংক্রান্ত প্রশ্ন উঠতেই দৃশ্যতই মেজাজ হারান বামনেতা সেলিম। ফাটলের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “বামফ্রন্ট তো অনেকগুলো দল নিয়ে তৈরি। বামফ্রন্টের বৈঠক হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিলিমিটেশনের পর আরএসপি তো রেজিনগরে একবারও লড়েনি। সেখানে কখনও কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছে, কখনও ডব্লিউবিএসপি-কে দেওয়া হয়েছে।”
এর পরই শরিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি যোগ করেন, “এখানে কোনও চিরস্থায়ী বন্দোবস্ত নেই।” পরবর্তীতে বিতর্ক বাড়াতে না চেয়ে কিছুটা কটাক্ষের সুরেই তিনি বলেন, “বামফ্রন্টে আলোচনা হয়ে গেছে। এটা নিয়ে আর বেশি চর্চা করতে চাই না। হঠাৎ তুমি এত চাগাড় দিয়ে উঠলে বামফ্রন্ট নিয়ে, ভাল্লাগছে।”
‘প্রার্থীপদ প্রত্যাহারও হতে পারে’: আশাবাদী জেলা সিপিআইএম
অন্যদিকে, রেজিনগরের দ্বন্দ্ব মেটাতে কিছুটা নমনীয় সুর শোনা গেছে সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার গলায়। তিনি জানান, “আরএসপি যদি প্রার্থী ঘোষণা করে থাকে, তা নিয়ে যা বলার রাজ্য বামফ্রন্ট থেকেই বলা হবে। তবে প্রার্থী ঘোষণা করা মানেই চূড়ান্ত লড়াই নয়, সমঝোতার স্বার্থে প্রার্থীপদ প্রত্যাহারও হতে পারে।”
কংগ্রেসের সঙ্গে দূরত্ব এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফ-এর (ISF) জোট ত্যাগের ইঙ্গিত নিয়ে এমনিতেই অস্বস্তিতে আলিমুদ্দিন। তার উপর রেজিনগর উপনির্বাচনে বাম শরিকদের এই খোলাখুলি সংঘাত ভোটের ময়দানে বামফ্রন্টকে আরও ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।