৭৫ বছরের ঐতিহ্যবাহী স্কুলে ছাত্র মাত্র ৩ জন! বন্ধের মুখে শিলিগুড়ির ঐতিহাসিক বাপুজি স্কুল!

শিলিগুড়ির রথখোলায় অবস্থিত ৭৫ বছরের পুরনো রথখোলা বাপুজি প্রাথমিক বিদ্যালয় আজ চরম অস্তিত্ব সংকটের মুখে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিষ্ঠানে একসময় বহু কৃতি শিক্ষার্থী পড়াশোনা করলেও, বর্তমানে সেখানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র তিনজনে এসে ঠেকেছে। পাশাপাশি স্কুলটিতে শিক্ষকের সংখ্যাও মাত্র দুইজন।

স্থানীয় ও শিক্ষকদের অভিযোগ, ২০১১ সালের পর শিক্ষাব্যবস্থার নীতিগত পরিবর্তন এবং হাই স্কুলের সঙ্গে প্রাথমিক স্কুল সংযুক্ত করার সরকারি সিদ্ধান্তের ফলেই ধীরে ধীরে এই পড়ুয়া সংকট তৈরি হয়েছে। এর ওপর বাউন্ডারি ওয়ালের অভাব, রান্নাঘরের বেহাল দশা এবং খেলার মাঠটি পার্কিং জোনে পরিণত হওয়ায় স্কুলের নিরাপত্তা ও সামগ্রিক পরিবেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। তবে দীর্ঘ ইতিহাসের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ না করে প্রশাসনের পক্ষ থেকে পরিকাঠামো উন্নত করে তা টিকিয়ে রাখার জোর দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক গীতা সরকার ও স্থানীয় বাসিন্দারা।