নন্দীগ্রামে তৃণমূলের ভরাডুবির জন্য কলকাতার নেতারাই দায়ী!’ উপনির্বাচনের আগে বড় বোমা ফাটালেন কুণাল ঘোষ

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ঠিক তার আগেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রামে দলের এই বেহাল ও শোচনীয় অবস্থার জন্য নাম না করেই কলকাতার শীর্ষ নেতৃত্ব ও এক শ্রেণির নেতাদের দিকে সরাসরি আঙুল তুলেছেন কুণাল।

এদিন কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, “নন্দীগ্রামের খারাপ অবস্থার জন্য আমাদের কলকাতার নেতারাই দায়ী।” নিজের অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, এর আগে যখন তাঁর ওপর দায়িত্ব ছিল, তখন জেলা পরিষদে ভালো ফলাফল হয়েছিল এবং সেখানে ১০ হাজারের বেশি লিডও পাওয়া গিয়েছিল। তাঁর অভিযোগ, সেই সময় তাঁকে কোনো রকম পূর্বাভাস বা নোটিস না দিয়েই হঠাৎ সরিয়ে দেওয়া হয় এবং তাঁর পরিবর্তে রাজীব বন্দ্যোপাধ্যায় বা তন্ময় ঘোষের মতো নেতাদের সেখানে পাঠানো হয়েছিল।

তৃণমূলের অন্দরের এই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি আই-প্যাক (I-PAC)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। কুণালের সাফ কথা, বিনা নোটিসে তাঁকে সরিয়ে দেওয়ার পর যাঁদের পাঠানো হয়েছিল, তাঁরাই বর্তমান পরিস্থিতির জবাব দিতে পারবেন। একইসঙ্গে কিছু তথ্য নিজের কাছে গোপন রেখে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যে, সঠিক সময় আসলে আরও অনেক কিছু প্রকাশ করবেন। ভোটের ঠিক আগে কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্য যে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি করল, তা বলার অপেক্ষা রাখে না।