গ্যাস সিলিন্ডার ডেলিভারির নামে অতিরিক্ত টাকা চাইলেই ধরুন কলার! জেনেনিন সরকারের কড়া নিয়ম।

রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করার পর সাধারণত তিন-চার দিনের মধ্যেই তা বাড়ি পৌঁছে যায়। তবে প্রায় প্রতিটি পরিবারেই কমবেশি একটি সাধারণ অভিজ্ঞতা রয়েছে—সিলিন্ডার বাড়িতে নিয়ে আসার সময় ডেলিভারি বয় বা এজেন্টরা অতিরিক্ত ৩০ থেকে ৫০ টাকা দাবি করে বসেন। অনেক সময় টাকা দিতে অস্বীকার করলে বচসা বা জোরজবরদস্তিও শুরু হয়। কিন্তু সাধারণ গ্রাহকদের অনেকেরই জানা নেই, এই অতিরিক্ত টাকা দেওয়ার কোনো নিয়মই নেই।
ডেলিভারি চার্জ নিয়ে আসল নিয়ম কী?
নিয়ম অনুযায়ী, গ্যাস এজেন্সির ওয়্যার হাউস বা গোডাউন থেকে ৫ কিলোমিটারের মধ্যে সিলিন্ডার ডেলিভারির জন্য কোনো ধরনের ট্রান্সপোর্ট বা পরিবহন খরচ লাগতে পারে না। কিছু ক্ষেত্রে ৫ থেকে ১৫ কিলোমিটার দূরত্বের জন্য সর্বোচ্চ ২০ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে, তবে সেই নির্দিষ্ট খরচ গ্যাসের পাকা বিলেই উল্লেখ থাকে। এর বাইরে ডেলিভারি এজেন্টদের হাতে অতিরিক্ত কোনো ক্যাশ টাকা দেওয়া গ্রাহক আইনত বাধ্য নন।
কোথায় এবং কীভাবে অভিযোগ জানাবেন?
যদি কোনো ডেলিভারি বয় বা এজেন্ট জোর করে অতিরিক্ত টাকা দাবি করে, তবে গ্রাহকরা সরাসরি সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটর বা তেল কোম্পানির কাছে অভিযোগ জানাতে পারেন। প্রথমে স্থানীয় গ্যাস এজেন্সিতে অভিযোগ করা উচিত, সেখানে সুরাহা না মিললে তেল কোম্পানিগুলির নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে:
ইন্ডেন গ্যাস: ৭৭১৮৯৫৫৫৫৫ (7718955555)
ভারত গ্যাস: ১৮০০২২৪৩৪৪ (1800224344)
এইচপি গ্যাস: ৯২২২২০১১২২ (9222201122)
এছাড়াও কেন্দ্রীয় সরকারের সার্বিক হেল্পলাইন নম্বর ১৮০০২৩৩৩৫৫৫ (18002333555)-এ ফোন করে অভিযোগ দায়ের করা সম্ভব। পাশাপাশি, সোশাল মিডিয়ায় অভিযোগ জানিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ ‘MoPNG ই-সেবা’-র অফিসিয়াল অ্যাকাউন্ট @MoPNG_eSeva-কে ট্যাগ করেও সাহায্য চাইতে পারেন গ্রাহকরা।