সাহারানপুরের পর এবার মোরাদাবাদ! শতবর্ষী পুরনো মসজিদ ভাঙার নোটিসে তুঙ্গে রাজনৈতিক পারদ

উত্তরপ্রদেশের সাহারানপুর কালেকটরেট চত্বরের শতবর্ষী প্রাচীন মসজিদ ভাঙার রেশ কাটতে না কাটতেই এবার মোরাদাবাদের একটি ঐতিহাসিক মসজিদ ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দলগুলি যখন সাহারানপুর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত, ঠিক সেই মুহূর্তেই মোরাদাবাদের একটি পুরনো মসজিদকে ঘিরে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন।
মোরাদাবাদ উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিএ) জানিয়েছে, দিল্লির রোড সংলগ্ন পাকবড়া থানা এলাকার একটি মসজিদ সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে। প্রায় ৩০০ বর্গমিটার সরকারি জমির ওপর এই অবৈধ কাঠামোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এমডিএ-র সচিব সংশ্লিষ্ট মসজিদ কমিটির মুতাওয়াল্লিকে কড়া নোটিশ পাঠিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ কার্যকর না হলে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে জবরদস্তি তা গুড়িয়ে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এই কঠোর নোটিশের জেরে মসজিদ কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এর আগেও মোরাদাবাদে সরকারি ও বেদখল হওয়া জমিতে গড়ে ওঠা একাধিক ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে প্রশাসন। এর আগে কাঁঠ রোড সংলগ্ন এলাকা এবং পার্কের সংরক্ষিত জমিতে অবৈধভাবে নির্মিত ধর্মীয় কাঠামো বা মিনার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি জমি দখল করে কোনো ধরনের অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। সাহারানপুর ঘটনার পাশাপাশি মোরাদাবাদের এই নতুন নোটিশ উত্তরপ্রদেশের রাজনৈতিক ময়দানকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে এবং বিরোধী দলগুলি সরকারের এই নীতির তীব্র সমালোচনা শুরু করেছে।