কলকাতায় পা রাখছেন ভালভের্দে-নুনেজরা! ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য তারকাসমৃদ্ধ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের!

আসন্ন ৬ অক্টোবর কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এই ঐতিহাসিক ম্যাচ এবং ফিফা উইন্ডোর বাকি দুটি ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে ৪৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল উরুগুয়ে ফুটবল ফেডারেশন। কোচ দিয়েগো ফোরলানের নেতৃত্বে ভারতে আসছে ‘লা-সেলেস্তে’ ব্রিগেড, যা নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
ভারত সফরের আগে আগামী ২৪ সেপ্টেম্বর জাপান এবং ২৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অকাল বিদায়ের পর দলের দায়িত্ব নিয়েছেন উরুগুয়ে কিংবদন্তি তথা ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী দিয়েগো ফোরলান। অতীতে আইএসএলে মুম্বই সিটি এফসি’র হয়ে খেলে যাওয়া ফোরলান এবার জাতীয় দলের কোচ হিসেবে ভারতে আসছেন।
স্কোয়াডে কারা রয়েছেন? অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তৈরি এই দলে রয়েছে বিশ্বমানের একাধিক তারকা। রিয়াল মাদ্রিদ তারকা ফেডেরিকো ভালভের্দে এবং সৌদি প্রো-লিগের ক্লাব আল-দিরিয়া’র স্ট্রাইকার ডারউইন নুনেজ ছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন রদ্রিগো বেন্তাঙ্কুর, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, লুকাস তোরেইরা এবং জর্জিয়ান দি অ্যারাসকায়েতার মতো হেভিওয়েট তারকারা।
বিশ্বকাপে স্পেনের গ্রুপের লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর মার্সেলো বিয়েলসার প্রস্হানের পর ফোরলানের কোচিংয়ে এটি উরুগুয়ের প্রথম বড় অ্যাসাইনমেন্ট। কলকাতার মাঠে এই তারকাখচিত দলের বিরুদ্ধে লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলার ফুটবল ভক্তরা।