পাহাড়ের কোলে নতুন ট্যুরিজম হটস্পট! ডাউহিলের রূপ বদলে যেতেই ছুটির দিনে উপচে পড়ছে পর্যটকদের ভিড়

পাহাড়ের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, নির্মল আবহাওয়া আর শান্ত আমেজ—সব মিলিয়ে পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ডাউহিলের নতুন ‘ইকো ট্যুরিজম স্পট’। বন দফতর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে সেজে ওঠা এই পর্যটনকেন্দ্রে এখন প্রতিদিন উপচে পড়ছে পর্যটকদের ভিড়, আর ছুটির দিনগুলিতে সেই ভিড় ছাড়িয়ে যাচ্ছে সব রেকর্ড।

কীভাবে এল এই পরিবর্তন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পর্যটনকে কেন্দ্র করে এলাকার গাড়িচালক ও ব্যবসায়ীদের আয় বৃদ্ধির লক্ষ্যেই ২০২৪ সালের মে মাস থেকে এই এলাকায় পরিকল্পিত উন্নয়নের কাজ শুরু হয়। যৌথ প্রচেষ্টার ফলে আজ ডাউহিল এক নতুন রূপ নিয়েছে।

বর্তমানে এই ইকো-ট্যুরিজম স্পট থেকে ট্রেকিং করে খুব সহজেই চিলড্রেনস পার্ক, ফরেস্ট স্কুল এবং মিউজিয়ামসহ ডাউহিলের একাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন পর্যটকরা। পাহাড়ের কোলে নিরিবিলিতে ছুটির কটা দিন কাটাতে এবং প্রকৃতির কাছাকাছি পৌঁছতে আপনিও ঘুরে আসতে পারেন এই আকর্ষণীয় জায়গাটি থেকে।