ঘর থেকে আসছে তীব্র দুর্গন্ধ! দরজা ভাঙতেই জনপ্রিয় পঞ্জাবী গায়কের পচাগলা দেহ, ঘরে রক্তের দাগ দেখে শিউরে উঠল পুলিশ

লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামের একটি বন্ধ বাড়ি থেকে জনপ্রিয় পঞ্জাবী গায়ক ও সঙ্গীতশিল্পী বলজিৎ সিংহের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর পর প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ওই শিল্পীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

কীভাবে প্রকাশ্যে এল ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুধিয়ানার ওই বাড়িতে একাই থাকতেন সঙ্গীতশিল্পী বলজিৎ সিংহ। গান গাওয়ার পাশাপাশি তিনি নিজেই গান লিখতেন এবং সেখান থেকেই কাজ পরিচালনা করতেন। গত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং ফোনও বন্ধ ছিল। বাড়ির মূল দরজায় তালা ঝুললেও তিনি যে ঘরের ভেতরেই এমন অবস্থায় রয়েছেন, তা বুঝতে পারেননি কেউ।

কিছুদিন পর ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে বিছানার ওপর থেকে গায়কের মৃতদেহ উদ্ধার করে। দেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর চার থেকে পাঁচ দিন পেরিয়ে গিয়েছে, যার ফলে দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

তদন্তে নেমেছে পুলিশ: শিল্পীর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও, ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ পাওয়ায় এটিকে পরিকল্পিত খুন বলেই জোরালো সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেই আশেপাশের বাড়িগুলিতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, গায়কের মেলামেশা কাদের সঙ্গে ছিল এবং সম্প্রতি তাঁর বাড়িতে কারা যাতায়াত করতেন, তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়েছিল, যার রেশ কাটতে না কাটতেই এবার পঞ্জাবী গায়কের এমন রহস্যমৃত্যুতে শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া।

Aditi Banik
  • Aditi Banik