উত্তরবঙ্গের সঙ্গে কি যোগাযোগ বিচ্ছিন্ন? ফরাক্কায় রেললাইনে বড় ধস, চরম বিপাকে হাজার হাজার যাত্রী!

টানা ও অবিরাম বৃষ্টির জেরে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ভয়াবহ ধস নামার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী অংশে ভূমিধসের কারণে রেললাইন মারাত্মকভাবে বসে যায়। যদিও এই ঘটনায় বড় ধরনের কোনো ট্রেন দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এর জেরে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আকস্মিক এই বিপর্যয়ের ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে পদাতিক এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের মতো একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন, যার ফলে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলের উচ্চপদস্থ আধিকারিক ও প্রকৌশলীরা যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে ছুটে যান এবং ভোর থেকেই ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেন। তবে একটানা বৃষ্টি চলতে থাকায় মেরামতির কাজে বারবার বিঘ্ন ঘটছে, যা পূর্ব রেল কর্তৃপক্ষকে আরও বিপাকে ফেলে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রেলের পক্ষ থেকে একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাওয়া একাধিক এক্সপ্রেস ট্রেন রয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে ৫৪৩৩৪ বারহারওয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার এবং ৬৩৪০১ ও ৬৩৪০২ সাহেবগঞ্জ–মালদা টাউন প্যাসেঞ্জার। অন্যদিকে, নলহাটি–আজিমগঞ্জ–জঙ্গিপুর রোড–নিউ ফারাক্কা রুটের পাশাপাশি বীরশিবপুর হয়ে ১২৩৬৩ কলকাতা–হালদিবাড়ি এক্সপ্রেস, ১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস, ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল, ১৩১৫৯ যোগবনী এক্সপ্রেস, ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস, ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস এবং ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রেল প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের যাত্রার আগে বর্তমান ট্রেন পরিস্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।