রাজ্যের সরকারি ও আধা-সরকারি সংস্থাকে দেওয়া ঋণে সুদের হার ঘোষণা! নবান্নের নতুন নির্দেশিকায় কী বদল এল?

২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে প্রদান করা ঋণের ক্ষেত্রে সুদের হার আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করে দিল অর্থ দফতর। সাম্প্রতিক এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, সরকারি ও আধা-সরকারি বিভিন্ন সংস্থাকে যে ঋণ প্রদান করা হবে, তার উপর বার্ষিক ৭.৩২ শতাংশ হারে সুদ ধার্য করা হবে। গত ৩১ আগস্ট অর্থ দফতরের স্পেশাল সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের (এজি) দপ্তরে পাঠিয়ে দিয়েছেন।

অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, মূলত চারটি প্রধান ক্ষেত্রে এই ৭.৩২ শতাংশ সুদের হার কার্যকর হবে। এর মধ্যে রয়েছে সরকারি ও সমবায় খাতের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংস্থা। এছাড়াও মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা, উন্নয়ন পর্ষদ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং হাউসিং বোর্ডের মতো স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকেও রাজ্য সরকারের থেকে নেওয়া ঋণের বিপরীতে এই নির্দিষ্ট হারে সুদ পরিশোধ করতে হবে। পাশাপাশি, নাবার্ড (NABARD) বা এনসিডিসি (NCDC)-র অর্থে পরিচালিত হয় না এমন সমবায় সমিতিগুলির ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে বলে স্পষ্ট করা হয়েছে।

ঋণ পরিশোধের ক্ষেত্রে নবান্নের পক্ষ থেকে এবার অত্যন্ত কঠোর শর্ত ও নিয়মাবলী আরোপ করা হয়েছে। নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ঋণ গ্রহণের প্রথম বছর থেকেই সমান বার্ষিক কিস্তিতে আসল টাকা ফেরৎ দেওয়া শুরু করতে হবে। ঋণ পরিশোধের সামগ্রিক মেয়াদ যথাসম্ভব কম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো ঋণই ১০ বছরের বেশি মেয়াদের জন্য মঞ্জুর করা হবে না। অন্যদিকে, কার্যকরী মূলধন বা ‘ওয়ার্কিং ক্যাপিটাল’-এর ঘাটতি মেটাতে যে সমস্ত ঋণ নেওয়া হবে, তা সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে এবং কোনো অবস্থাতেই এই ধরনের ঋণের মেয়াদ ৫ বছর অতিক্রম করতে পারবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

আসলের পাশাপাশি নিয়মিত সুদ মেটানোর সুনির্দিষ্ট পদ্ধতিও বেঁধে দিয়েছে অর্থ দফতর। বকেয়া আসলের উপর ভিত্তি করে বার্ষিক ভিত্তিতে নিয়মিত সুদ পরিশোধ করতে হবে। বিশেষ ও ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া সুদের ক্ষেত্রে কোনো ধরনের ‘মোরাটোরিয়াম’ বা স্থগিতাদেশ মঞ্জুর করা হবে না। ঋণগ্রহীতা কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে আসল বা সুদ পরিশোধ করতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে কঠোর জরিমানার কোপ নামবে। নির্দিষ্ট সময়ে কিস্তি মেটাতে ব্যর্থ হলে নির্ধারিত সুদের হারের সঙ্গে অতিরিক্ত ২.৫ শতাংশ হারে পেনাল্টি বা জরিমানা দিতে হবে।

তবে এই নির্দেশিকার আওতা থেকে কিছু নির্দিষ্ট ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের আবাসন দপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাউসিং স্কিম, যেগুলি এলআইসি (LIC), জিআইসি (GIC) বা হাডকো (HUDCO)-র মতো বাহ্যিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থে পরিচালিত হয়, সেখানে এই সুদের হার সরাসরি প্রযোজ্য হবে না। এছাড়া বন্ধ হয়ে যাওয়া বা রুগ্ন শিল্পগুলির ক্ষেত্রেও এই নিয়ম খাটবে না; ওই সমস্ত বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অর্থ দপ্তরের সঙ্গে সুনির্দিষ্ট আলোচনা সাপেক্ষে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। একই সঙ্গে পুরনো ঋণখেলাপিদের নতুন করে কোনো ঋণ মঞ্জুর করার আগে বকেয়া টাকা আদায়ের ওপর বিশেষ নজর দেওয়ার জন্য সমস্ত দপ্তরকে সতর্ক করেছে রাজ্য সরকার।