সরকারি হাসপাতালে ছানি অপারেশন করতেই চিরতরে অন্ধ রোগী! চরম গাফিলতিতে রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের

মেটিয়াবুরুজের একটি সরকারি হাসপাতালে ছানি অপারেশনের জেরে এক রোগীর চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। স্বাস্থ্য ব্যবস্থার চরম গাফিলতিতে ক্ষুব্ধ হয়ে আদালত ভুক্তভোগী রোগীকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।
বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশিকা জারি করেছে। মামলার বিবরণে প্রকাশ, ২০২৪ সালের জুন মাসে গার্ডেনরিচ মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে এসেছিলেন গোবিন্দচন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি। কিন্তু চিকিৎসকদের চরম অসতর্কতা ও অব্যবস্থাপনার কারণে সেই অপারেশন মারাত্মকভাবে ব্যর্থ হয় এবং তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এই ঘটনার দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্ট ভুক্তভোগী পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল। আদালতের এই রায়ের ফলে সরকারি হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।