সৃজিতের কড়া চালে একেবারে বদলে গেলেন যিশু! নতুন গোয়েন্দার এমন অদ্ভুত রূপ আগে দেখেছেন কি?

চমক দিতে সবসময়ই ওস্তাদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর হাত ধরে যে বড়পর্দায় এক একেবারে নতুন বাঙালি গোয়েন্দার আবির্ভাব হতে চলেছে, সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। রাজর্ষি দাশ ভৌমিকের জনপ্রিয় গোয়েন্দা কানাইচরণের গল্পকে এবার সেলুলয়েডে রূপ দিচ্ছেন সৃজিত। সম্প্রতি পুদুচেরিতে শেষ হয়েছে ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’ ছবির শুটিং। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এল ছবির মুখ্য চরিত্রদের ফার্স্ট লুক, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ছবির নামভূমিকায় অর্থাৎ গোয়েন্দা কানাইচরণের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। বহু বছর পর এই ছবিতে তাঁকে এক সম্পূর্ণ অন্য এবং অভিনব লুকে দেখতে পাবেন দর্শক। এর আগে সৃজিতের একাধিক ছবিতে যিশুকে নানা অবতারে দেখা গেলেও এবারের লুকটি একদম আলাদা। চুলের রঙে রয়েছে গাঢ় রুপোলি ছোপ, নাকের নিচে একটি পুরুষ্টু, কাঁচাপাকা ও কিছুটা ঝুপো গোঁফ এবং চোখে চশমা—সব মিলিয়ে প্রথম দেখায় তাঁকে খবরের কাগজের সাংবাদিক বলেই মনে হতে পারে। কানাইচরণের বিশ্বস্ত সহকারী শৌভিকের ভূমিকায় দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়কে, যাঁর লুক রাখা হয়েছে সম্পূর্ণ ক্লিন শেভড।
তবে সবচেয়ে বড় চমকটি লুকিয়ে রয়েছে অভিনেত্রী ইধিকা পালের লুকে। এতদিন বাণিজ্যিক মশলা ছবিতে ইধিকার গ্ল্যামারাস রূপ দেখতেই দর্শকরা অভ্যস্ত ছিলেন। কিন্তু এই ছবিতে সেই চেনা ছক সম্পূর্ণ ভেঙে দিয়েছেন সৃজিত। কাঁধ ছাপানো চুলে লম্বা বিনুনি, চোখে সরু ফ্রেমের চশমা, কপালে ছোট্ট কালো টিপ এবং সাধারণ শাড়ি-ব্লাউজে ইধিকাকে একেবারে পাড়ার অতিপরিচিত একটি মেয়ের মতো লাগছে। বলাই বাহুল্য, তাঁর এই নতুন অবতার আগের সমস্ত ছবিকে ছাপিয়ে যাবে। পাশাপাশি, এই ছবিতে একটি রহস্যময় ও বিশেষ চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌরীর মতো অভিনেতাও, যদিও তাঁর লুক নিয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফ থেকে পুরোপুরি রহস্য বজায় রাখা হয়েছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই ছবিতে পরিচালক দুটি আলাদা সময়ের সমান্তরাল গল্প তুলে ধরবেন। যার একটি হলো বর্তমান কাল এবং অন্যটি ভারতের ঔপনিবেশিক কুইন ভিক্টোরিয়ার আমল। ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের ব্যানারে প্রযোজিত এই বহুল প্রতীক্ষিত ছবিটি চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি নাগাদ বড়পর্দায় মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। ট্রেলার আসার আগেই চরিত্রগুলির এই মনকাড়া লুক দর্শকদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।