রেস্টুরেন্টের স্বাদ এবার ঘরের কড়াইতে! মাখনে মাখা ক্রিমি ডাল মাখনি বানানোর এই সহজ জাদু জানেন কি?

ছুটির দিনে বা বিশেষ কোনো রাতে একটু স্পেশাল নিরামিষ পদ খাওয়ার ইচ্ছা থাকলে ডাল মাখনির জুড়ি মেলা ভার। গরম গরম বাটার নান, তন্দুরি রুটি কিংবা জিরে রাইসের সঙ্গে ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে তৈরি ঘন ও ক্রিমি ডাল মাখনি খাবার টেবিলে এক আলাদা মাত্র যোগ করে। কালো উরদ ডাল আর রাজমার এই ক্লাসিক পাঞ্জাবি পদটি চাইলে আপনিও খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ:

  • গোটা কালো উরদ ডাল – ১ কাপ

  • রাজমা (কিডনি বিনস) – ১/৪ কাপ

  • পেঁয়াজ কুচি – ১টি (বড়)

  • টমেটো পিউরি – ২টি মাঝারি সাইজের

  • আদা-রসুন বাটা – ১ চামচ

  • কাঁচালঙ্কা কুচি – ২টি

  • জিরে – ১ চা চামচ

  • হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

  • লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ

  • ধনে গুঁড়ো – ১ চা চামচ

  • গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ

  • বাটার – ১ চামচ

  • ফ্রেশ ক্রিম – ২ চামচ

  • তেল – ১ চামচ

  • নুন – স্বাদমতো

  • ফ্রেশ ধনেপাতা কুচি

বানানোর সহজ পদ্ধতি: প্রথমে কালো উরদ ডাল ও রাজমা ভালো করে ধুয়ে একসঙ্গে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন জল ঝরিয়ে প্রেসার কুকারে পরিষ্কার জল ও সামান্য নুন দিয়ে ডাল ও রাজমা একদম নরম হওয়া পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিন।

এরপর একটি ভারী কড়াইতে সামান্য তেল ও বাটার একসঙ্গে গরম করুন। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ, আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। মশলা থেকে গন্ধ বের হলে টমেটো পিউরি, হলুদ, লাল লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে দিন। মশলা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তার থেকে তেল ছাড়তে শুরু করে।

মশলা কষা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল ও রাজমা জল সমেত কড়াইতে ঢেলে দিন। হাতা দিয়ে ডাল ও রাজমা একটু ঘেঁটে দিলে এর টেক্সচার দারুণ ক্রিমি হবে। এবার একদম কম আঁচে ২০ থেকে ২৫ মিনিট ধরে ডাল ফোটাতে থাকুন এবং মাঝে মাঝে নাড়তে থাকুন। প্রয়োজনে সামান্য উষ্ণ জল দিতে পারেন। সবশেষে গরম মশলা, এক টুকরো বাটার ও ফ্রেশ ক্রিম দিয়ে আরও ৩-৪ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে ওপরে ফ্রেশ ধনেপাতা কুচি ও একটু ক্রিম ছড়িয়ে সাজিয়ে নিলেই তৈরি আপনার রেস্টুরেন্ট স্টাইল ডাল মাখনি।

বিশেষ টিপস: ডাল মাখনির আসল স্বাদ পাওয়ার রহস্য লুকিয়ে রয়েছে ধীরে রান্না করার মধ্যে। ডাল যত বেশি সময় ধরে কম আঁচে ফুটবে, তার স্বাদ এবং ক্রিমি টেক্সচার ততটাই দারুণ হবে।