ফের দুর্যোগের কালো মেঘ! শক্তি বাড়িয়ে কোন কোন জেলায় আছড়ে পড়ছে অতি ভারী বৃষ্টি? কমলা সতর্কতা জারি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের জেরে ফের একবার চরম দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলার আবহাওয়া। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশা-ঝাড়খণ্ড এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা এই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে আরও এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। এর মধ্যে কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় এই অতিরিক্ত বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং ৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।