চলন্ত গাড়িতে ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণ! ৬ ঘণ্টা ঘরে বন্দি রেখে পৈশাচিক নির্যাতন, গ্রেফতার ২

রাজধানী দিল্লির রেশ কাটতে না কাটতে ফের এক পৈশাচিক ঘটনার সাক্ষী রইল বিহারের ঔরঙ্গাবাদ। দিল্লির চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার বিহারের ঔরঙ্গাবাদে চলন্ত গাড়ির ভেতরে বছর পনেরোর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই নৃশংস ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ১৫ বছরের ওই নাবালিকাকে ফোন করে বাড়ি থেকে ডেকে পাঠায় অভিযুক্তরা। তাদের একজনের সঙ্গে আগে থেকেই মেয়েটির পরিচয় ছিল। বারবার ফোন করায় নাবালিকা বাড়ি থেকে বেরোতেই কুটুম্বা থানা এলাকার কাছে একটি গাড়ি এসে হাজির হয়। অভিযোগ, জোর করে ওই কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে চলন্ত অবস্থাতেই গণধর্ষণ করে তিন যুবক। এরপর প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে একটি নির্জন ফাঁকা ঘরে আটকে রাখা হয়। নির্যাতন শেষে নির্যাতিতাকে একটি গ্রামের কাছে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

কোনোরকমে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি সমস্ত ঘটনা পরিবারকে জানায়। এরপর মালি থানায় অভিযোগ জানাতে গেলে এলাকা ভিন্ন হওয়ায় পরিবারকে কুটুম্বা থানায় পাঠানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে পাকড়াও করেছে। ঔরঙ্গাবাদের এসডিপিও আদিত্য কুমার জানিয়েছেন, নির্যাতিতার চিকিৎসাগত পরীক্ষা করানো হয়েছে এবং পলাতক অপর অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান চলছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।