‘শিগগির খুন করা হবে!’ বেনামি চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি পেলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান

দেশের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। বেনামি চিঠির মাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকি পেলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পমন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির (LJP) প্রধান চিরাগ পাসওয়ান। বর্তমানে জেড ক্যাটেগরির কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকা সত্ত্বেও মন্ত্রীর দপ্তরে এ ধরনের হুমকি চিঠি আসার ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে লিখিতভাবে দেশের স্বরাষ্ট্র সচিবকে জানানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে একটি স্বাক্ষরবিহীন ও বেনামি বার্তা এসে পৌঁছায়। সেই চিঠিতে দুটি মোবাইল নম্বর উল্লেখ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চিঠির বয়ানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ‘কট্টর জঙ্গিদের হাতে শীঘ্রই আপনাকে হত্যা করা হবে’। দেশের একজন প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নিয়ে এ ধরনের সরাসরি হুমকিতে নড়েচড়ে বসেছে প্রশাসনিক মহল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মন্ত্রীর ব্যক্তিগত ও দপ্তরের নিরাপত্তা আরও কঠোর করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।