ভারী ব্যাগের যুগ শেষ! মাসে ১০ দিন স্কুল যেতে হবে ব্যাগ ছাড়াই, এল দারুণ নিয়ম

রোজ রোজ পিঠে কিলোকিলো বইয়ের বোঝা বয়ে নিয়ে যাওয়ার দিন এবার শেষ হতে চলেছে। সরকারি স্কুলের ছোট ছোট পড়ুয়াদের এই মর্মান্তিক কষ্ট থেকে মুক্তি দিতে এক যুগান্তকারী ও আনন্দদায়ক সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে দশম শ্রেণির সমস্ত ছাত্রছাত্রীর জন্য চালু করা হচ্ছে ‘টেন ব্যাগ-লেস ডে’ (Ten Bag-Less Days) অর্থাৎ বছরে মোট ১০ দিন স্কুল পড়ুয়ারা কোনো বইয়ের ব্যাগ ছাড়াই স্কুলে যেতে পারবে।

কবে থেকে এবং কীভাবে কার্যকর হবে এই নিয়ম?
শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, সাধারণত প্রতি মাসের তৃতীয় শনিবার পড়ুয়ারা সম্পূর্ণ বইহীন অবস্থায় স্কুলে উপস্থিত হবে। ইতিমধ্যেই ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত বেশ কিছু নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১ নভেম্বর ২০২৬, ১৯ ডিসেম্বর ২০২৬, ২০ ফেব্রুয়ারি ২০২৭ এবং ২০ মার্চ ২০২৭। বাকি ৫টি দিন স্কুলগুলি নিজেদের সুবিধা অনুযায়ী ঠিক করে নেবে।

বই ছাড়া স্কুলেও কি শুধুই আনন্দ?
খুদে পড়ুয়ারা ভাবছে বই নেই মানেই শুধু মজা, কিন্তু না! এই বিশেষ দিনগুলিতে এসসিইআরটি (SCERT)-এর পরিকল্পনা অনুযায়ী দারুণ সব শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। যেমন—

স্থানীয় এলাকায় ফিল্ড ভিজিট বা শিক্ষামূলক ভ্রমণ

বিজ্ঞানের লাইভ প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কুইজ প্রতিযোগিতা

বালসভা, ছবি আঁকা এবং নাটক মঞ্চস্থ করা

স্থানীয় দক্ষ কারিগরদের সঙ্গে কথা বলে নতুন কিছু শেখার সুযোগ

শুধু পুঁথিগত বিদ্যায় আটকে না রেখে শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা, বাস্তববুদ্ধি এবং নেতৃত্ব দেওয়ার গুণ বাড়াতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ম যাতে সঠিকভাবে পালিত হয়, তার জন্য প্রধান শিক্ষক ও শিক্ষা আধিকারিকদের ওপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের এমন চমৎকার পদক্ষেপে খুদে পড়ুয়াদের পাশাপাশি বেজায় খুশি অভিভাবকরাও।