আমেরিকা-ইরান যুদ্ধের আবহে বিশ্বমঞ্চে মোদির মাস্টারস্ট্রোক! হরমুজ সংকট নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের রক্তক্ষয়ী সংঘাতে যখন ফের নতুন করে অশান্তির আগুন জ্বলে উঠেছে, ঠিক তখনই কিরগিজস্তানের বিশকেকে এসসিও (SCO) সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকা হরমুজে ইরানের রকেট লঞ্চারে হামলা চালানোর ঠিক পরেই এই বৈঠক আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আলোচনায় উঠে এল হরমুজের নিরাপত্তা ও যুদ্ধবিরতির প্রসঙ্গ:
বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের লাগাতার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর এই প্রথম দুই নেতার সামনাসামনি বৈঠক হলো। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের তাঁর পুরনো অবস্থানে জোর দিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে, অস্ত্র বা সংঘাত নয়, যে কোনো জটিল সমস্যার সমাধান হতে হবে একমাত্র আলোচনার মাধ্যমেই।

পাশাপাশি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। সাম্প্রতিক সংঘাতে সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সে বিষয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। সবমিলিয়ে, বিশ্ব যখন ফের এক সর্বনাশা যুদ্ধের আশঙ্কায় কাঁপছে, তখন ভারতের এই শান্তি ও আলোচনার বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে।