“চারদিকে শুধু মৃতদেহ আর কাদামাখা গাড়ি!”-নেপালের উদ্ধারকাজে নেমে পাইলট যা দেখলেন…?

বুধবারের ভয়াবহ বিপর্যয়ের তিন দিন পেরিয়ে গেলেও নেপালে উদ্ধারকার্য এখনও পুরোদমে চলছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আর নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট বিবেক খাড়কার একটি ভিডিও নেপালের বন্যার ভয়ংকর রূপটিকে আরও স্পষ্ট করে তুলেছে।
‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর শেয়ার করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ত্রিমুরের দিকে উদ্ধারকাজ চালানোর সময় চতুর্দিকে শুধু ধ্বংসস্তূপ আর যত্রতত্র পড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। ফুঁসছে নদীর জল। হেলিকপ্টার থেকে নীচের দিকে শ্যেন দৃষ্টি রেখে পাইলট বিবেক খুঁজে চলেছেন যদি একটিও জীবিত মানুষের দেখা মেলে। কিন্তু যতই এগোচ্ছেন, শুধুই ভাঙা বাড়িঘর, কাদামাখা গাড়ি আর নদীর জলে ভেসে যাওয়া লাশের সারি চোখে পড়ছে। যেন মনে হচ্ছে, এককালে এখানে কোনো জনবসতিই ছিল না।
পাইলটের বয়ানে উঠে এসেছে এক মর্মান্তিক চিত্র। তাঁর কথায়, এখন উদ্ধারকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল জীবিতদের কাছে পৌঁছনোই নয়, বরং মৃতদেহগুলোকে সঠিকভাবে উদ্ধার করা। তবে এই দীর্ঘ অভিযানে তাঁরা যে সমস্ত দৃশ্য দেখছেন, তা কার্যত হাড়হিম করার মতো।
দুর্গম ও বন্যাকবলিত এই অঞ্চলগুলিতে স্থলপথে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় হেলিকপ্টারই এখন একমাত্র ভরসা। উদ্ধারকারী দলগুলি আকাশপথেই প্রয়োজনীয় ত্রাণ ও সরঞ্জাম সরবরাহ করছে। কিন্তু বারবার হড়পা বান আসার সম্ভাবনা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকার্যে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। হড়পা বান ঠিক কতখানি বিশাল এলাকা জুড়ে তাণ্ডবলীলা চালিয়েছে, এখন পাইলট ও উদ্ধারকারীদের ক্যামেরায় সেই ভয়ঙ্কর চিত্রটিই একে একে উন্মোচিত হচ্ছে।