ক্রিকেটের ইতিহাসে এমন আজব ককাণ্ড কেউ দেখেছেন? ১১ নম্বরের ব্যাটসম্যানকে ওপেনিংয়ে পাঠিয়ে যা করল বেন স্টোকসের দল!

কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে এক বেনজির ও অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। জয়ের জন্য মাত্র কয়েক রান দরকার থাকা সত্ত্বেও, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের ক্লাব ডারহাম তাদের দলের ১১ নম্বর ব্যাটারকে ইনিংস শুরু করতে মাঠে নামায়। আর এই অভাবনীয় কৌশল যে পুরোপুরি সফল হয়েছে, তা প্রমাণ করে মাত্র ছয় বলেই ম্যাচ জিতে নেয় দলটি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে ডারহাম এবং গ্লস্টারশায়ার মুখোমুখি হয়েছিল। শুরু থেকেই ম্যাচে পুরোপুরি আধিপত্য বজায় রেখেছিল ডারহাম। তারা প্রথমে ব্যাট করতে নামা গ্লস্টারশায়ারকে মাত্র ১৩৭ রানে অলআউট করে দেয় এবং নিজেদের প্রথম ইনিংসে ৩৮৪ রান তোলে। এরপর দ্বিতীয় ইনিংসেও গ্লস্টারশায়ারকে মাত্র ২৫০ রানে গুটিয়ে দেয় ডারহাম। ম্যাচের তৃতীয় দিনেই গ্লস্টারশায়ার অলআউট হয়ে যাওয়ায় ডারহামের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪ রান। কিন্তু খারাপ আলো ও বৃষ্টির কারণে সেই দিনই খেলা থামিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা।

চতুর্থ দিনে যখন খেলা শুরু হয়, তখন ডারহামের টিম ম্যানেজমেন্ট এমন এক সিদ্ধান্ত নেয় যা দেখে সবাই অবাক হয়ে যান। নিয়মিত ওপেনার অলি রবিনসনের সঙ্গে ইনিংসের সূচনা করতে পাঠানো হয় ম্যাথিউ পটসকে। পটস দলের প্রধান ফাস্ট বোলার এবং সাধারণত ব্যাটিং অর্ডারের একেবারে শেষ দিকে, অর্থাৎ ৯ থেকে ১১ নম্বরের মধ্যে ব্যাট করতে নামেন। ম্যাচের প্রথম ইনিংসেও তিনি ১১ নম্বরেই ব্যাট করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তাঁকে শুধু ওপেন করতেই পাঠানো হয়নি, বরং প্রথম ওভারের প্রথম বলটির মুখোমুখিও তিনিই হন।

ম্যাথিউ পটস প্রথম পাঁচ বল ডট খেললেও ষষ্ঠ বলে একটি দারুণ চার মেরে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে মাত্র ছয় বলেই ৪ রানের লক্ষ্য টপকে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ডারহাম। বেন স্টোকসের ক্লাবের এই অশ্বমেধের ঘোড়া এবং ১১ নম্বর ব্যাটারকে দিয়ে ইনিংস ওপেন করানোর এই অভিনয় কৌশল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Pratik Saha
  • Pratik Saha