হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল! টিএমসিপি সভা ঘিরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। শুক্রবার ক্যাথিড্রাল রোডে অনুষ্ঠিত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আদালতের শর্ত ভঙ্গের অভিযোগে হেস্টিংস থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ওই সভার মূল উদ্যোক্তাদের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে সভার দিন রাস্তার উত্তরমুখী লেনটি সম্পূর্ণ খোলা রাখতে হবে এবং দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। কিন্তু সেই নির্দেশ পুরোপুরি উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের পরেও সভা চালানো হয়। এর ফলে অতিরিক্ত জনসমাগমে রাস্তার দু’টি লেনই অবরুদ্ধ হয়ে পড়ে। শুধু তাই নয়, সভা চলাকালীন কর্মী-সমর্থকদের উসকানি দেওয়ার জেরে ব্যারিকেড ভেঙে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ এবং ২৮৫ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি নির্দেশ অমান্য, কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা দেওয়া এবং জনজীবন বিপর্যস্ত করার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। হাই-প্রোফাইল এই মামলায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Pratik Saha
  • Pratik Saha