সজ্জন কুমারের বাড়িতে গিয়েই কড়া শাস্তির মুখে বিজেপির ৩ সাংসদ! তলব করল শীর্ষ নেতৃত্ব

দিল্লিতে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারের প্রয়াণের পর তাঁর বাসভবনে গিয়ে সমবেদনা জানানোর খেসারত দিতে হচ্ছে বিজেপির তিন সাংসদকে। রামবীর সিং বিধুড়ি, যোগেন্দ্র চন্দোলিয়া এবং কমলজিৎ সেহরাওয়াত—এই তিন বিশিষ্ট বিজেপি সাংসদকে কড়া তলব করেছে দলীয় নেতৃত্ব।

চলতি মাসের শুরুতে ৮০ বছর বয়সে জেলের ভেতরেই জীবনাবসান হয় সজ্জন কুমারের। তাঁর মৃত্যুর পর কংগ্রেসের অন্দরেও বিতর্ক তৈরি হয়েছিল, তবে এবার পদ্মশিবিরের তিন সাংসদের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন থাকায় শিখ অধ্যুষিত এলাকায় এই ঘটনা নিয়ে অস্বস্তি মারাত্মক আকার ধারণ করেছে। বিরোধীদের পাশাপাশি দলের অন্দরেও সমালোচনার ঝড় ওঠায় আর ঝুঁকি নিতে চায়নি নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওই তিন সাংসদের এমন বিতর্কিত নেতার বাড়ি যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। তলব করে এই বিষয়ে তাঁদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।