ঘরের কোণে মাকড়সার জাল জমছে? বাস্তুমতে কোন বড় বিপদের ইঙ্গিত জানেন কি?

রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর—বাড়ির আনাচে-কানাচে মাকড়সার জাল তৈরি হওয়া খুবই সাধারণ ঘটনা। বিশেষ করে দীর্ঘদিন পরিষ্কার না করা ঘরের কোণ, আলমারির পিছন কিংবা ছাদের উঁচুতে সহজেই জাল জমে যায়। তবে আধুনিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বাইরেও বাস্তুশাস্ত্রের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে এই বিষয়ে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরে দীর্ঘদিন মাকড়সার জাল জমে থাকা কেবল অপরিচ্ছন্নতার লক্ষণই নয়, এটি বাড়ির ইতিবাচক শক্তিকে ধ্বংস করে চরম নেতিবাচকতা ডেকে আনে।

বাস্তু মতে, ঘরের কোণে ধুলো-ময়লা ও মাকড়সার জাল জমে থাকলে শক্তির ভারসাম্য নষ্ট হয়। তাই ঘর পরিষ্কার করার সময় শুধু মেঝে নয়, দেওয়াল ও ছাদের কোণগুলিতে নজর দেওয়া জরুরি। বিশেষ করে বাড়ির প্রধান দরজা, পুজোর ঘর, উত্তর-পূর্ব কোণ এবং স্টোররুমে জালের উপস্থিতি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্রধান প্রবেশদ্বারে জাল জমলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। একইভাবে, পবিত্র পুজোর ঘরে বা ঈশান কোণে জাল থাকা পারিবারিক অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম করে ঘর পরিষ্কার ও অপ্রয়োজনীয় জিনিস বর্জন করার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা।