থামছে না বর্ষার ব্যাটিং! বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কি চরম দুর্যোগের আশঙ্কা?

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জেরে বঙ্গে কমছে না বৃষ্টির মেয়াদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড় ও ভারী বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। এর জেরে শনি ও রবিবার আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা ও কোন জেলায় কী প্রভাব
শনিবার: দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলিতেও কমলা সতর্কতা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার ও সোমবার: দুই মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা বহাল থাকবে। এছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে।
মঙ্গলবার ও বুধবার: বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া এবং মৎস্যজীবীদের জন্য নির্দেশিকা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পঙে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, সমুদ্রে আবহাওয়ার অবনতি হওয়ায় শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে মাছ ধরতে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।