মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রেম নিবেদন! এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় স্টান্ট দেখিয়ে এবার কাঠগড়ায় রুশ যুগল

নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রেম নিবেদনের ঘটনায় আইনি জটিলতায় ফেঁসেছেন ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ এবং ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিকোলাউ। গত ১ জুলাই মাঝরাতে নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এবং মুখ ঢেকে তারা ১,৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচু ওই ভবনের অ্যান্টেনার চূড়ায় উঠে পড়েন। মাথার ওপর সংবাদমাধ্যমের হেলিকপ্টার ঘোরার মধ্যেও তারা সেখানে একটি ব্যানার মেলে ধরেন, যাতে লেখা ছিল— “When the power of love beats the love of power, the world knows peace”। ঠিক সেই মুহূর্তে হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলিনাকে বিয়ের প্রস্তাব দেন ইভান এবং চরম উচ্চতায় একে অপরকে চুম্বন করেন। মুহূর্তেই সেই দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে সোশ্যাল মিডিয়ায় রোমাঞ্চ ছড়ালেও এই ঘটনাকে মোটেই সহজভাবে নেয়নি নিউ ইয়র্ক প্রশাসন। বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে জনবহুল এলাকায় আতঙ্ক সৃষ্টি, অনধিকার প্রবেশ এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার মতো একাধিক গুরুতর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত সোমবার আদালতের শুনানিতে কালো চামড়ার জ্যাকেট ও জিন্স পরে হাজির হন এই আলোচিত যুগল। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের পেছনে শান্তভাবে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায় তাদের। এমনকি আদালত চত্বর থেকে বের হওয়ার পরও উপস্থিত সংবাদমাধ্যম ও উৎসুক জনতার সামনেই গভীর চুম্বনে একে অপরকে জড়িয়ে ধরেন তারা, যা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গেছে।

উল্লেখ্য, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নির্দিষ্ট পর্যবেক্ষণ ডেক সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকলেও এর ওপরের অংশ বা অ্যান্টেনার কাঠামোর ওপর সাধারণের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আইন লঙ্ঘন করে এমন বিপজ্জনক স্টান্ট প্রদর্শনের দায়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।