ফের একসঙ্গে দ্রাবিড়-সেহওয়াগ! অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় স্কোয়াডে দুই কিংবদন্তির দুই পুত্র

ভারতীয় ক্রিকেটের দুই সোনালী অধ্যায়ের দুই মহাতারকা রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেহওয়াগ। এবার তাঁদেরই রক্ত প্রবাহিত হতে চলেছে জাতীয় দলের জার্সিতে। ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত হল ভারতের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড। আর সেই স্কোয়াডেই সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছেন দ্রাবিড়-পুত্র অন্বয় এবং সেহওয়াগ-পুত্র আর্যবীর।
আসন্ন সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল ভারত সফরে আসছে। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং দুটি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারতীয় যুব দল। বিসিসিআইয়ের ঘোষিত ওডিআই স্কোয়াডে নাম রয়েছে অন্বয় ও আর্যবীরের। তবে মাল্টি-ডে সিরিজের দলে অবশ্য তাদের রাখা হয়নি। উল্লেখ্য, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে শেষবার একসঙ্গে সিনিয়র ভারতীয় দলে দেখা গিয়েছিল রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগকে। দীর্ঘ দেড় দশক বাদে বয়সভিত্তিক দলে হলেও দুই কিংবদন্তির উত্তরসূরিদের একই সঙ্গে জাতীয় দলের বৃত্তে দেখা যাওয়া নিঃসন্দেহে এক আবেগপ্রবণ মুহূর্ত।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই প্রথম ভারতের বয়সভিত্তিক দলে ডাক পেলেন বীরেন্দ্র সেহওয়াগের পুত্র আর্যবীর। বর্তমানে দিল্লি প্রিমিয়র লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলা এই তরুণ তুর্কি তাঁর আগ্রাসী ব্যাটিং শৈলীর জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন। এর আগে ২০২৪ কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে তাঁর মহাকাব্যিক ২৯৭ রানের ইনিংস ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিল।
অন্যদিকে, ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়ের কনিষ্ঠ পুত্র অন্বয় দ্রাবিড় এর আগেও অনূর্ধ্ব-১৯ দলের সেট-আপে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। এর আগে বড় ছেলে সমিত দ্রাবিড় ভারতের যুব দলের প্রতিনিধিত্ব করলেও, সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে অন্বয়ের চমৎকার পারফরম্যান্স (একটি ম্যাচে ৮৭ রান) তাঁকে ফের এই দলে জায়গা করে দিয়েছে। স্টাম্পের পেছনে দক্ষতা এবং ব্যাট হাতে দলের প্রয়োজনে রান তোলার ক্ষমতার সুবাদে তিনি নির্বাচকদের ভরসার পাত্র হয়ে উঠেছেন।
আগামী ১৮, ২১ এবং ২৩ সেপ্টেম্বর রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতের যুব দল। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে রাজকোট এবং ৫ অক্টোবর থেকে আহমেদাবাদে মাল্টি-ডে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এখন দেখার, বাবার মতো এই দুই তরুণ তুর্কি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নামের সুবিচার করতে পারেন কি না।