হাতে আর মাত্র কটা দিন! কোন নিয়মে আবেদন করবেন সাহিত্য আকাদেমির ৩০টি শূন্যপদের জন্য?

সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ দেশের অন্যতম প্রধান স্বায়ত্তশাসিত সংস্থা ‘সাহিত্য আকাদেমিতে’ (Sahitya Akademi) চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুযোগ সামনে এসেছে। সরকারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) সহ মোট ৩০টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য একটি বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাহিত্য আকাদেমির এই নিয়োগে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফলাইন মোডের মাধ্যমে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
শূন্যপদের বিবরণ ও ক্যাটাগরি
সাহিত্য আকাদেমির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০টি শূন্যপদে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে। পদগুলির মধ্যে রয়েছে— উপ-সচিব (সাধারণ-প্রশাসন) ১টি, সহকারী সম্পাদক ১টি, সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ২টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসার ১টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১টি, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ১টি, পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট ৫টি, প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট ২টি, স্টেনোগ্রাফার গ্রেড-II ৪টি, মেসেঞ্জার কাম রাইডার ১টি, ভ্যান ড্রাইভার ১টি, জুনিয়র ক্লার্ক ৪টি এবং মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)-এর ৬টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দেশের যেকোনো স্বীকৃত বোর্ড, প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পদের ধরন অনুযায়ী ১০ম (মাধ্যমিক), দ্বাদশ (উচ্চ মাধ্যমিক), স্নাতক (Graduation) অথবা স্নাতকোত্তর (Post-Graduation) ডিগ্রি থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ বছর, যা আবেদনের শেষ তারিখের ভিত্তিতে গণনা করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ
এই পদগুলির জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন শুরু হয়েছে গত ২২ আগস্ট থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রোজগার সমাচার’-এ সংশ্লিষ্ট পদের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার তারিখ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। সাধারণ ও ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ৮০০ থেকে ১,০০০ টাকা এবং এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে ইডব্লিউএস (EWS) এবং পিডব্লিউডি (PWD) প্রার্থীরা ফি জমা দেওয়া থেকে ছাড় পেয়েছেন। নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,০৮,৭০0 টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদনের সঠিক পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের প্রথমে সাহিত্য আকাদেমির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নথি সংযুক্ত করতে হবে। সমস্ত নথিপত্র একটি খামে ভরে ‘সচিব, সাহিত্য আকাদেমি, রবীন্দ্র ভবন, ৩৫ ফিরোজশাহ রোড, নতুন দিল্লি-১১০০০১’ এই ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। বিশদ বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।