অনলাইন অ্যাপে দেদার বিকোচ্ছিল বিষাক্ত ধুতুরা ফল! অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স কাড়ল সরকার?

অনলাইন গ্রসারি ডেলিভারি অ্যাপগুলির মাধ্যমে মানুষের খাওয়ার জন্য প্রকাশ্যেই দেদার বিক্রি হচ্ছিল অত্যন্ত বিষাক্ত ধুতুরা ফল ও বীজ। এই চাঞ্চল্যকর অভিযোগ বারবার সামনে আসার পরই নড়েচড়ে বসল কর্ণাটক রাজ্য সরকার। ডি কে শিবকুমার সরকারের কঠোর নির্দেশে এবার অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট এবং বিগবাস্কেটের মতো দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ফুড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে।

কর্ণাটকের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, বারংবার অভিযোগ পাওয়ার পরেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছিল। সেই তদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট হাতে আসতেই সোমবার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে খাদ্য নিরাপত্তা বিভাগ। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ সম্পূর্ণভাবে বলবৎ থাকবে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযুক্ত বিক্রেতাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি তাদের রেজিস্ট্রেশনও অবিলম্বে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে আধিকারিকরা দেখতে পান, একাধিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে রমরমিয়ে বিক্রি হচ্ছে বিষাক্ত ধুতুরা ফল ও বীজ। আশ্চর্যের বিষয় হলো, কোথাও কোথাও পণ্যের প্যাকেটে বৈধ FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত উল্লেখ করা ছিল। অনলাইন বিক্রির উদ্দেশ্যে এই বিষাক্ত সামগ্রীগুলি বিভিন্ন গুদামঘরে মজুত করা হয়েছিল। এরপরই ওই তিন সংস্থার প্রতিনিধিদের তলব করে কর্তৃপক্ষের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

এফএসডিএ (FSDA)-এর কমিশনার শ্রীনিবাস এই বিষয়ে একটি কড়া নির্দেশ জারি করে জানান, ধুতুরা ফল ও বীজ মারাত্মকভাবে বিষাক্ত, যা মানবদেহে প্রবেশ করলে গুরুতর বিষক্রিয়া ঘটতে পারে। মানুষের খাদ্য হিসেবে এগুলির বিপণন ও বিতরণ জননিরাপস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। জানা গিয়েছে, অ্যামাজন এই বিষয়ে কোনো সদুত্তর দেয়নি, ইনস্টামার্ট অতিরিক্ত সময় চেয়েছে এবং বিগবাস্কেট ভবিষ্যতে প্যাকেটে ‘মানুষের খাওয়ার জন্য নয়’ লেখার প্রতিশ্রুতি দিয়ে বিক্রি বন্ধের কথা জানিয়েছে। তবে ই-কমার্স সংস্থাগুলির এই সাফাইয়ে সন্তুষ্ট হয়নি প্রশাসন।

খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ (Food Safety and Standards Act, 2006)-এর কঠোর ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। জনস্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে অবিলম্বে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে ধুতুরা ফল ও বীজ বিক্রির বিজ্ঞাপনগুলিও পাকাপাকিভাবে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার। চিকিৎসকদের মতে, ধুতুরায় অ্যাট্রোপিন, স্কোপোলামিন ও হায়োসিয়ামিনের মতো মারাত্মক বিষাক্ত অ্যালকালয়েড থাকে, যা শরীরের পক্ষে অত্যন্ত প্রাণঘাতী হতে পারে।