বিয়ারপ্রেমীরা সাবধান! বোতল খোলার কতক্ষণ পর বিষ হয়ে যায় ঠান্ডা পানীয়টি?

সপ্তাহান্তের পার্টি হোক কিংবা ছুটির দিনের আড্ডা—অনেকেই আগেভাগে বিয়ার কিনে ফ্রিজে মজুত করে রাখেন। কিন্তু ফ্রিজে বিয়ার ঠিক কতদিন পর্যন্ত ভালো থাকে কিংবা এর আসল স্বাদ ও গুণমান কতদিন বজায় থাকে, সে বিষয়ে বেশিরভাগ মানুষেরই স্পষ্ট কোনো ধারণা থাকে না। একটু ভুলের কারণে আপনার পছন্দের এই পানীয়টি মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। তাই বিয়ার সংরক্ষণের সঠিক নিয়ম এবং মেয়াদ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সিল করা বিয়ারের বোতল যদি সঠিক তাপমাত্রায় অর্থাৎ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করা হয়, তবে তার গায়ের এক্সপায়ারি ডেট বা মেয়াদোত্তীর্ণের তারিখ পেরিয়ে যাওয়ার পরেও তা প্রায় ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকতে পারে। বিশেষ করে ডার্ক বিয়ার কিংবা বেশি অ্যালকোহলযুক্ত বিয়ারের ক্ষেত্রে এর স্থায়িত্ব আরও বেশি হয় এবং তা ১ থেকে ২ বছর পর্যন্তও ভালো থাকতে পারে। তবে মনে রাখবেন, ক্রাফট বিয়ার (Craft Beer), যেগুলিতে কোনো ধরনের রাসায়নিক সংরক্ষণকারী ব্যবহার করা হয় না, সেগুলি তৈরির পর থেকে ২ থেকে ৩ মাসের মধ্যে পান করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিয়ারের ক্যান বা বোতলের ঢাকনা একবার খুলে ফেললে তা নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা একদমই অনুচিত। বোতল খোলার পর ফ্রিজে রাখলেও তা ২৪ থেকে ৪৮ ঘণ্টার (সর্বোচ্চ ১ থেকে ২ দিন) মধ্যে শেষ করে ফেলা উচিত। বোতলের ছিপি খোলার সঙ্গে সঙ্গেই বায়ুমণ্ডলের অক্সিজেন ভেতরে প্রবেশ করে অক্সিডেশন প্রক্রিয়া শুরু করে। এর ফলে বিয়ারের ভেতরের কার্বোনেশন বা ফেনা ও গ্যাস দ্রুত কমতে শুরু করে। যার জেরে বিয়ারের সুস্বাদু ফ্লেভার নষ্ট হয়ে তা তেতো বা পানসে স্বাদে পরিণত হয়।

সংরক্ষণের ক্ষেত্রেও কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। বিয়ারের বোতল ফ্রিজে কখনই শুইয়ে রাখবেন না, বরং সবসময় সোজাসুজি বা খাড়া করে রাখুন। বোতল সোজা রাখলে ছিপির অংশে বাতাসের সংস্পর্শ কম ঘটে, ফলে ভেতরের স্বাদ ও গন্ধ অনেকক্ষণ অটুট থাকে। এছাড়া কোনো অবস্থাতেই সরাসরি রোদ বা তীব্র আলো লাগে এমন জায়গায় বিয়ারের বোতল রাখা উচিত নয়।

কোনো কারণে বোতল খোলার পর যদি দেখেন যে তাতে কাঙ্ক্ষিত ফেনা বা গ্যাস তৈরি হচ্ছে না, গন্ধ টক হয়ে গেছে কিংবা বিয়ারের স্বাভাবিক রঙ বদলে গেছে, তবে বুঝবেন সেটি নষ্ট হয়ে গেছে। এই ধরনের মেয়াদোত্তীর্ণ বা নষ্ট বিয়ার ভুলেও পান করবেন না, কারণ তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সঠিক উপায়ে সংরক্ষণ করুন এবং সুস্থ থাকুন।