ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিলোঁ! কেমন আছেন এখন বলিউডের জনপ্রিয় তারকা?

ডেঙ্গু আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিলোঁ, কেমন আছেন তিনি?
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বিখ্যাত লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিলোঁ (Poonam Dhillon Hospitalised)। বিগত প্রায় এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় এবং স্বাস্থ্য পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন অগণিত অনুরাগী। যদিও তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পরিবার কিংবা হাসপাতালের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত বুলেটিন প্রকাশ করা হয়নি, তবে আপাতত আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানা গিয়েছে।

‘সিন্টা’ বিতর্ক নিয়েও চর্চায় পুনম
অসুস্থতার পাশাপাশি বিনোদন শিল্প সংশ্লিষ্ট সংগঠন ‘সিন্টা’ (CINTAA)-র সাম্প্রতিক এক বিতর্ককে কেন্দ্র করেও পুনম ধিলোঁর নাম ফের খবরের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি ওই সংগঠনের অভ্যন্তরীণ নেতৃত্ব ও কাজের ধারা নিয়ে মতবিরোধের জেরে কার্যনির্বাহী কমিটির আটজন সদস্য পদত্যাগ করেছেন। এই প্রশাসনিক জটিলতার মাঝে পুনম ধিলোঁ এবং সিন্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ্মিনী কোলাপুরির বিরুদ্ধেও কিছু অভিযোগ তোলা হয়েছিল।

তবে সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পুনম। তাঁর সাফ দাবি, এই ধরণের অহেতুক মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং তা তাঁদের দীর্ঘদিনের পরিষ্কার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এক পরিকল্পিত অপচেষ্টা মাত্র। সবমিলিয়ে অসুস্থতা এবং বিতর্ক—দুটি বিষয়কেই কেন্দ্র করে এই মুহূর্তে চর্চায় রয়েছেন এই বিশিষ্ট অভিনেত্রী।