৪৭-এও ইমরান হাশমির ফিট থাকার রহস্য, জেনেনিন অভিনেতার ফিটনেস রুটিন সম্পর্কে

‘আওয়ারাপান ২’ ছবি ঘিরে দর্শকদের আগ্রহ ফের তুঙ্গে। রুপোলি পর্দায় ইমরান হাশমির অভিনয় তো বটেই, তার পাশাপাশি নজর কেড়েছে অভিনেতার সুঠাম ও পেশিবহুল শারীরিক গঠনও। দীর্ঘদিনের ‘চকলেট বয়’ ইমেজের খোলস ছেড়ে ৪৭ বছর বয়সেও বিভিন্ন চরিত্রে নিজেকে অনবদ্যভাবে ভেঙেছেন তিনি। আর তাই তাঁর ফিটনেস নিয়ে চর্চা এখন তুঙ্গে। সিনেমার মতো নিখুঁত শরীর তৈরি করতে তিনি ঠিক কী কী নিয়ম মেনে চলেন, তা জানলে আপনিও অবাক হবেন।

ফিটনেস মানেই চরম অনাহার নয়

ইমরানের মতে, ফিট থাকার অর্থ এই নয় যে সারাদিন না খেয়ে থাকতে হবে বা কঠোর ডায়েটের চাপে জীবন অতিষ্ঠ করে তুলতে হবে। নিজেকে ‘চকলেটপ্রেমী’ হিসেবে পরিচয় দেওয়া এই অভিনেতা নানা পদের খাবার খেতেই পছন্দ করেন। তবে পছন্দের খাবার পুরোপুরি বর্জন করার বদলে তিনি সবসময় পরিমিতিবোধ ও ভারসাম্যের ওপর জোর দেন। ভারতীয় খাবারে নানা মশলার ব্যবহার থাকায় একনাগাড়ে কঠোর ডায়েট মেনে চলা কঠিন, তাই ইমরানের রুটিনে নিয়মের পাশাপাশি নিজের পছন্দের খাবারের জন্যও কিছুটা জায়গা রাখা হয়।

বুলেট কফি দিয়ে দিনের শুরু

এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, তিনি এমন একটি জীবনশৈলী মেনে চলেন যা তাঁর শরীরের সঙ্গে মানানসই। তাঁর প্রতিদিনের রুটিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘বুলেট কফি’। ঘি, নারকেল তেল ও কফি দিয়ে তৈরি এই বিশেষ পানীয় তিনি দিনে দুবার—সকালে ও বিকেলে পান করেন।

খাবারের ক্ষেত্রে খুব বেশি বৈচিত্র আনতে পছন্দ করেন না তিনি। শুটিং বা ভ্রমণের সময়ও তাঁর প্রতিদিনের পাতে বিশেষ পরিবর্তন আসে না। সকালে পেটভর্তি সালাদের সঙ্গে থাকে চিকেন কিমা এবং মিষ্টি আলু। দুপুরে মূলত সবজি, ডাল ও রুটি খান, ভাত পারতপক্ষে এড়িয়ে চলেন। রাতের খাবার রাখেন অত্যন্ত হালকা—গ্রিলড চিকেন ও সেদ্ধ সবজি। আগে দিনে ছয়বার অল্প খাওয়ার অভ্যাস থাকলেও বর্তমানে তিনি দিনে তিন থেকে চারবার পুষ্টিকর খাবার খান।

চিনি ও গ্লুটেনহীন জীবনযাপন

ইমরানের খাদ্যতালিকায় পরিশোধিত চিনির স্থান নেই বললেই চলে। এ ছাড়া গ্লুটেনে সংবেদনশীলতা থাকার কারণে তিনি গমজাত খাবার থেকেও দূরে থাকেন। এমনকি নিয়মিত ফল খাওয়ার অভ্যাসও তাঁর নেই, তবে আমের মরশুমে মাঝেমধ্যে আম খেতে তিনি পিছপা হন না। কড়া নিয়মের মাঝেও সুশি, থাই খাবার, কাঁকড়া কিংবা মাঝেসাধ্যে চিনি ছাড়া তিরামিসু ও রসমালাই তাঁর পছন্দের তালিকায় থাকে।

সপ্তাহে ছয় দিন কড়া শরীরচর্চা

খাবারের পাশাপাশি ফিটনেসের জন্য নিয়মিত ঘাম ঝরান ইমরান। তাঁর সাপ্তাহিক রুটিন অনুযায়ী, তিনি সপ্তাহে দুই দিন মিক্সড মার্শাল আর্ট (MMA) এবং চার দিন ওয়েট ট্রেনিং করেন। এর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে অন্তত এক ঘণ্টা হাঁটার অভ্যাস রয়েছে তাঁর। তবে বিশেষজ্ঞদের মতে, হুবহু অন্যের রুটিন অন্ধভাবে না মেপে নিজের শারীরিক ক্ষমতা অনুযায়ী সঠিক নিয়ম ও ধারাবাহিকতা বজায় রাখাই দীর্ঘমেয়াদে ফিট থাকার আসল চাবিকাঠি।