“চাকরি প্রার্থীদের জন্য সুখবর”-এবার মিলবে ফ্রি কোচিং এবং আধুনিক AI প্রশিক্ষণ

দেশের তরুণ সমাজ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাঙ্গণ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি একগুচ্ছ যুগান্তকারী ঘোষণা করেন। সাধারণ পরিবারগুলির আর্থিক বোঝা কমাতে এবার থেকে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের এক কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
কোচিংয়ের পাহাড়প্রমাণ খরচ থেকে মুক্তি
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে চাকরি বা উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং সেন্টারগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর পেছনে অভিভাবকদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, কোচিংয়ের এই চড়া খরচ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলির ওপর এক বিশাল আর্থিক চাপ তৈরি করে। অনেক সময় সামর্থ্য না থাকায় কৃতি পড়ুয়ারা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হন।
এই সমস্যার স্থায়ী সমাধানে দেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং দক্ষ শিক্ষকদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে একটি শক্তিশালী অনলাইন নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর ফলে পডুয়ারা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কোনো রকম অর্থ খরচ না করেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এর মাধ্যমে পরিবারগুলির হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ
প্রযুক্তির দ্রুত বদলাতে থাকা দুনিয়ায় কাজের ধরনও সম্পূর্ণ বদলে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান সুনিশ্চিত করতে এবং তাদের দক্ষ করে তুলতে বিশেষ জোর দিচ্ছে সরকার। এই লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিশেষ স্কিলিং কোর্স করানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে টিকে থাকতে এবং নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে এই পদক্ষেপ যুব সমাজকে বড় ধরনের সুবিধা দেবে।
লালকেল্লার ভাষণ থেকে দেশের তরুণদের জাতীয় বিকাশের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই ফ্রি অনলাইন কোচিং এবং এআই ট্রেনিংয়ের রূপরেখা কবে থেকে এবং কীভাবে বাস্তবায়িত হবে, সেই বিষয়ে আগামী দিনে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে।