“পরিবারের থেকে দূরে থেকে সাড়ে চার বছর ধরে কাজ করেছেন!” যশকে নিয়ে বিরাট সার্টিফিকেট নয়নতারার

মুক্তির দোরগোড়ায় কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। সম্প্রতি এই ছবির জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়ে ছবির সহ-অভিনেতা যশ, হুমা কোরেশী, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং কিয়ারা আডবানির প্রশংসায় পঞ্চমুখ হন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। তবে বিশেষ করে অভিনেতা যশের কাজের প্রতি নিষ্ঠা এবং তাঁর দীর্ঘ সাড়ে চার বছরের সংগ্রাম নিয়ে বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।

যশকে নিয়ে যা বললেন নয়নতারা

অনুষ্ঠানে ‘রকি ভাই’ অর্থাৎ যশকে প্রশংসায় ভরিয়ে দিয়ে নয়নতারা জানান, তিনি তাঁর দীর্ঘ কেরিয়ারে অনেক বড় মাপের সুপারস্টার ও অভিনেতার সঙ্গে কাজ করেছেন, কিন্তু যশের মতো এমন পরিশ্রমী মানুষ তিনি আগে কখনও দেখেননি।

যশের ত্যাগ ও একাগ্রতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি এমন কোনো অভিনেতাকে দেখিনি যিনি নিজের পরিবার ও সন্তানদের থেকে দূরে থেকে টানা সাড়ে চার বছর শুধু কাজকে ভালোবেসে কাটিয়ে দিয়েছেন। সেটে তাঁর কাজের নীতি এবং ডেডিকেশন দেখে আমি সত্যি অবাক হয়েছি। পরিচালক বা প্রযোজক—সবার প্রতি তাঁর এই যত্ন ও দায়িত্ববোধ অতুলনীয়।”

পরিবারের ত্যাগের কথা মনে করালেন অভিনেত্রী

শুধু যশ একা নন, পর্দার আড়ালে তাঁর পরিবারের ত্যাগের কথাও সওয়াল করেছেন নয়নতারা। তিনি বলেন, “সবাই সবসময় কলাকুশলীদের নিয়েই কথা বলেন, কিন্তু একজন অভিনেতার পেছনে তাঁর পরিবারের যে কত বড় ত্যাগ থাকে, তা কেউ বলে না। যশের স্ত্রী রাধিকাই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি।”

গীতু মোহনদাসের পরিচালনায় তৈরি এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি আগামী ২৬ আগস্ট ২০২৬ তারিখে হিন্দি সহ একাধিক ভাষায় বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।