‘আমাদের ককরোচ বলার জন্যই ধন্যবাদ!’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে বিস্ফোরক দাবি CJP প্রধানের

মাত্র ৭০ দিন! জন্মের পর এই অল্প সময়ের মধ্যেই ভারতীয় রাজনীতিতে ভূমিকম্প তৈরি করেছে ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP। NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে প্রবল ছাত্র আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শনিবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ঐতিহাসিক সাফল্যের পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রকাশ্যেই ধন্যবাদ জানিয়েছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। যা নিয়ে বর্তমানে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা।
প্রধান বিচারপতিকে কেন এই ধন্যবাদ?
গোটা ঘটনার নেপথ্যে রয়েছে গত ১৫ মার্চের একটি বিশেষ ঘটনা। ওই দিন শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত আন্দোলনকারীদের উদ্দেশ করে ‘আরশোলা ও পরজীবী’ জাতীয় মন্তব্য করেছিলেন। আর সেই প্রসঙ্গ টেনেই সিজেপি প্রধান অভিজিৎ দীপক বলেন, “আমাদের ককরোচ বলার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ। আপনি যদি আমাদের ককরোচ না বলতেন, তাহলে আজ ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেন না!”
‘আরশোলাদের সঙ্গে পাঙ্গা নেবেন না’
টানা ৩৬ দিন ধরে চলা কঠিন আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর ঘোষণা হতেই দিল্লির যন্তর-মন্তরে উৎসবের মেজাজে ফেটে পড়েন আন্দোলনকারীরা। উল্লাসের মাঝেই কড়া বার্তা দিয়ে অভিজিৎ দীপক সাফ জানান, “আমরা আরশোলা, একবার কোথাও ঢুকলে সহজে জায়গা ছাড়ি না। তাই বলছি, আরশোলাদের সঙ্গে পাঙ্গা নেবেন না।”
তিনি আরও স্পষ্ট করে জানান, আপাতত একজন মন্ত্রীর ইস্তফা আদায় করা গেছে ঠিকই, তবে তাঁদের বাকি জোড়া দাবি এখনও পূরণ হওয়া বাকি রয়েছে। গণতন্ত্রে প্রশ্ন করা বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়াজ তুললেই সবকিছু নিয়মে চলবে, কারণ ক্ষমতায় থাকা ব্যক্তিরা জনগণের জন্যই সেখানে বসেছেন।
সিজেপির বাকি জোড়া দাবি কী কী?
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ককরোচ জনতা পার্টির তরফ থেকে আরও দুটি প্রধান দাবি জোরালোভাবে তুলে ধরা হয়েছে: ১. NEET প্রশ্নফাঁসের জেরে চরম দুশ্চিন্তা ও অবসাদে যে সমস্ত পড়ুয়া আত্মঘাতী বা চরম সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ২. প্রশ্নফাঁসের এই পুরো চক্রের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ফৌজদারি মামলা শুরু করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।