ওভেন নেই তো কী হয়েছে! বাড়িতে থাকা আটা দিয়েই বানিয়ে ফেলুন তুলতুলে নরম সুস্বাদু কেক!

কেক তৈরি মানেই ময়দা আর ওভেনের ঝামেলা—এই ধারণা এবার বদলান। ওভেন ছাড়াই ঘরে থাকা সাধারণ আটা দিয়ে খুব সহজেই সুস্বাদু ও পুষ্টিকর কেক তৈরি করা সম্ভব। শিশুর স্বাস্থ্যকর টিফিন, বিকেলের নাস্তা কিংবা ছোটখাটো ঘরোয়া আয়োজনে এটি দুর্দান্ত এক পদ।
আটার কেক বানাতে প্রথমে এক কাপ আটা, এক চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ একসঙ্গে চেলে নিন। আরেকটি পাত্রে দুটি ডিম ও আধা কাপ চিনি ভালো করে বিট করে তার সঙ্গে আধা কাপ তেল, দুই টেবিল চামচ গুঁড়া দুধ ও এক চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এরপর শুকনো ও তরল উপকরণ একসঙ্গে মিশিয়ে স্মুথ ব্যাটার তৈরি করুন।
এবার একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট প্রি-হীট করে নিন। তেল ব্রাশ করা মোল্ডে মিশ্রণটি ঢেলে কড়াইয়ের স্ট্যান্ডের উপর বসিয়ে দিন। মাঝারি-কম আঁচে প্রায় ৪০ মিনিট বেক করার পর কাঠি দিয়ে চেক করে নামিয়ে নিন। ব্যস, ঘরেই তৈরি হয়ে গেল মুখরোচক স্পঞ্জি আটার কেক।