পঞ্চায়েত প্রধানদের ডানা ছাঁটছে রাজ্য! দুর্নীতি রুখতে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি ও আর্থিক বেনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিয়ে তা সরকারি আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর এমনটাই স্পষ্ট করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
কেন এই বড় পরিবর্তন? মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত স্তরে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে, তা নির্মূল করাই এই বিলের প্রধান লক্ষ্য। অন্যান্য রাজ্যের মডেল অনুসরণ করে এবার থেকে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের একক ক্ষমতা থাকবে না। সেই ক্ষমতা অর্পণ করা হবে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের হাতে। খুব শীঘ্রই বিধানসভায় এই সংক্রান্ত একটি নতুন বিল পেশ করা হবে।
আবাস যোজনা ও উন্নয়ন: এদিনের বৈঠকে শুধুমাত্র দুর্নীতি রোধ নয়, আবাস যোজনা নিয়েও সুখবর শুনিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যের জন্য কেন্দ্র নতুন করে এক লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে। কৃষি, উদ্যানপালন এবং গ্রামোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। দিলীপ ঘোষের কথায়, “এই বৈঠক রাজ্যের উন্নয়নের ইতিহাসে এক ‘মাইলস্টোন’। অতীতে এমন সার্বিক আলোচনা কখনও হয়নি।”
পরিকাঠামো নিয়ে ক্ষোভ: রাজ্যের বর্তমান পঞ্চায়েত পরিকাঠামো নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন মন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নে সব রকম সাহায্য করতে প্রস্তুত। তবে দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ পঞ্চায়েত গঠনই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা খর্ব করার এই সিদ্ধান্ত কার্যকর হলে তৃণমূল স্তরের প্রশাসনিক ব্যবস্থায় এক বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।