রাজস্থান থেকে এমএ পাশ শওকত মোল্লা? তৃণমূল নেতার ডিগ্রি নিয়ে বিস্ফোরক অভিযোগে তোলপাড়!

তোলাবাজির মামলায় জেলবন্দি ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এবার আইনি জালে জড়িয়েছেন তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে। নির্বাচনে দাখিল করা হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি যে দাবি করেছিলেন, তা পুরোপুরি ‘ভুয়া’ বলে অভিযোগ তুলে বারুইপুর এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস।
কী অভিযোগ বিজেপির?
বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, শওকত মোল্লা হলফনামায় নিজেকে উচ্চশিক্ষিত বলে দাবি করলেও বাস্তবে তাঁর শিক্ষার দৌড় পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। অভিজিতের অভিযোগ, ২০১৬ সালের হলফনামায় শওকত জানিয়েছিলেন, ২০১৪ সালে তিনি ‘বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া’ থেকে উচ্চ-মাধ্যমিক পাস করেছেন। বিজেপি নেতার দাবি, এই বোর্ডটিই অস্তিত্বহীন বা ভুয়ো। এরপর রাজস্থান থেকে গ্র্যাজুয়েশন এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাসের যে ডিগ্রি তিনি দেখিয়েছেন, তা-ও জাল বলে দাবি করেছেন অভিজিৎ।
তদন্তের দাবি:
বিজেপি নেতার কথায়, “যাঁকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বোমা বাঁধার প্রশিক্ষণ দিয়েছিলেন, সেই ব্যক্তিই আজ নিজেকে উচ্চশিক্ষিত বলে জাহির করছেন। আসলে উনি একটি জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত।” এই ভুয়ো বোর্ড তৈরির নেপথ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির হাত রয়েছে বলেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ইতিমধ্যে জীবনতলা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। প্রয়োজনে এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবিও তুলেছেন বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্রে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হওয়ার পর বর্তমানে তোলাবাজির অভিযোগে জেলবন্দি রয়েছেন শওকত মোল্লা। এই নতুন বিতর্ক তাঁর আইনি জটিলতা আরও বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।