চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা! সবংয়ের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর মামলা

পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ফের দুর্নীতির ছায়া। এবার সবংয়ের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ঘটনায় সবং থানায় দায়ের হয়েছে এফআইআর (FIR)। অভিযোগের গুরুত্ব বুঝে জেলা আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছেন প্রাক্তন এই হেভিওয়েট নেতা।

ঘটনার সূত্রপাত সবংয়ের এক দম্পতির অভিযোগকে কেন্দ্র করে। সবং বিধানসভা এলাকার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই দম্পতির দাবি, মানস রঞ্জন ভুঁইয়া ও তাঁর অনুগামীরা ওই ব্যক্তির স্ত্রীকে একটি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযোগ, এর বিনিময়ে মন্ত্রী নিজে এবং তাঁর ঘনিষ্ঠ লোকজন ওই দম্পতির থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। প্রাথমিকভাবে ওই মহিলা কিছু মাস চাকরি করলেও, কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে হঠাৎ ছাঁটাই করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দম্পতি।

অভিযোগকারীর দাবি, এই প্রতারণার ঘটনার পর থেকেই তাঁর স্ত্রী তীব্র মানসিক অবসাদে ভুগছেন এবং তাঁর শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। এর জন্য তিনি সরাসরি প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকেই দায়ী করেছেন। গত ১০ জুন সবং থানায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করেছে।

সবংয়ের রাজনীতির প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মানস ভুঁইয়া রাজ্য রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর মন্তব্য এবং তৃণমূল কংগ্রেসের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানোর ঘটনা বেশ চর্চায় ছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়ে গেল তাঁর।

যদিও এই অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রাক্তন মন্ত্রী। এক বিবৃতিতে তিনি যাবতীয় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ৫৬ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোনোদিন কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্যই এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে তিনি মনে করছেন।

তবে আইনি জটিলতা যে বাড়ছে, তা স্পষ্ট। ইতিমধ্যেই অভিযোগের প্রেক্ষিতে সবং থানা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে, গ্রেফতারি এড়াতে জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন মানস রঞ্জন ভুঁইয়া। আগামী ১৮ জুন এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে প্রাক্তন মন্ত্রীর এই জামিন আবেদন মঞ্জুর হয় নাকি আইনি অস্বস্তি আরও বাড়ে, সেটাই এখন দেখার। এই ঘটনায় পুরো জেলাজুড়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।