হেলিকপ্টারের সামনে বিয়ের প্রস্তাব! বিপাকে তরুণ ক্যাপ্টেন, সেনাবাহিনীর কঠোর রোষানলে ভরত ভরদ্বাজ

প্রশিক্ষণ শেষে সাফল্যের আনন্দকে উদযাপনের জন্য বেছে নিয়েছিলেন হেলিকপ্টারের আঙিনা। কিন্তু সেই রোমান্টিক মুহূর্তই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তরুণ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ভরত ভরদ্বাজের জন্য। নাসিকের আর্মি এভিয়েশন ট্রেনিং শেষ করার ঠিক পরপরই হেলিকপ্টারের সামনে হাঁটু গেড়ে বসে বাগদত্তা আরুশিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এই হৃদয়স্পর্শী ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জনসমর্থনের বদলে এখন তিনি সেনাবাহিনীর রোষানলে।

ঘটনাটি ঘটেছিল নাসিকে আর্মি এভিয়েশন প্রশিক্ষণের পাসিং আউট প্যারেড ও সমাবর্তন অনুষ্ঠানের অব্যবহিত পরেই। পরিবারের সদস্য, সহকর্মী কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের সামনেই ভরত যখন আরুশিকে আংটি পরাচ্ছিলেন, তখন করতালিতে ফেটে পড়েছিল চারপাশ। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে একে অপরকে আলিঙ্গন করার সেই মুহূর্তটি অনেকে ‘সিনেমাটিক’ বলে প্রশংসা করলেও, সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী তা হয়েছে গুরুতর ‘নিয়ম লঙ্ঘন’।

প্রতিরক্ষা সূত্রের খবর, সেনাবাহিনীর সম্পদ এবং সামরিক সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত কড়া নির্দেশিকা রয়েছে। ওই কর্মকর্তা যে সময় ও স্থান নির্বাচন করেছেন, তা সেনাবাহিনীর প্রোটোকলের পরিপন্থী বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব। এছাড়া ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট তৈরির জন্য সরকারি হেলিকপ্টারকে ব্যবহার করাটা সেনাবাহিনীর শৃঙ্খলার পরিপন্থী। যদিও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ওই কর্মকর্তার আবেগকে তারা সম্মান জানায়, কিন্তু পেশাগত দায়িত্ব এবং সামরিক ডিসিপ্লিনের প্রশ্নে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়।

সূত্রের খবর, ক্যাপ্টেন ভরতের বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধমূলক মামলা দায়ের না করা হলেও, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। সেনাবাহিনীর নিয়মকানুন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করা হয়েছে এবং তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া তাকে সামরিক কর্মকর্তাদের পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে নতুন করে প্রশিক্ষণ বা সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি তাকে জনপ্রিয় করেছিল, সেই ভিডিওই এখন তার ক্যারিয়ারের জন্য এক বড় আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি করেছে। এই ঘটনা সামরিক কর্মকর্তাদের জন্য এক বড় সতর্কবার্তা হিসেবেও দেখছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy