তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায় স্ট্রিট ফুড বা রাস্তার খাবার খাওয়ার মারাত্মক পরিণতির একটি ভয়াবহ ঘটনা সামনে এল। আইজা শহরে একদল স্কুলছাত্রী পানিপুরি খাওয়ার পর ভয়াবহ খাদ্যে বিষক্রিয়ায় (Food Poisoning) আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সংখ্যা ১৫ জন, যা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত গত সন্ধ্যায়। স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে একদল ছাত্রী আইজা শহরের পুরানো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে রাস্তার ধারের এক পানিপুরি বিক্রেতার কাছ থেকে তারা সবাই মিলে পানিপুরি খায়। খাওয়ার কিছুক্ষণ পরেই পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে। ছাত্রীদের মধ্যে তীব্র পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাদের নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, পানিপুরি তৈরিতে ব্যবহৃত জল দূষিত ছিল কিংবা উপকরণগুলো পচাগলা হওয়ার কারণেই এই বিষক্রিয়া হয়েছে। তবে দ্রুত চিকিৎসা পাওয়ায় বর্তমানে ১৫ জন ছাত্রীর অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তড়িঘড়ি স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ইতিমধ্যে সংশ্লিষ্ট পানিপুরি বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার ঠেলাগাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে। খাদ্যে বিষক্রিয়ার প্রকৃত কারণ জানতে পানিপুরির জল ও অন্যান্য উপকরণের নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার পর থেকে স্থানীয়রা রাস্তার ধারের অনিয়ন্ত্রিত ফাস্ট ফুড দোকানগুলো নিয়ে সরব হয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ, এই দোকানগুলোতে নূন্যতম স্বাস্থ্যবিধি মানা হয় না, যার ফলে প্রায়শই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। জেলা প্রশাসনের কাছে অবিলম্বে শহরের সমস্ত স্ট্রিট ফুড বা রাস্তার ধারের খাবারের দোকানগুলোতে বিশেষ পরিদর্শনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। যারা যথাযথ মান যাচাই না করে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।





